ছুটির দিনে প্রকৌশলীকে টেনেহিঁচড়ে অফিসে নিয়ে গেলেন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-২ আসনের সরকারদলীয় সাংসদ শফিকুল ইসলাম (অপু) ও তাঁর লোকজন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা গতকাল রোববার সরকারি ছুটির দিনে ওই প্রকৌশলীকে টেনেহিঁচড়ে বাসা থেকে অফিসে নিয়ে অকথ্য গালাগাল করেন বলে জানা গেছে।তবে, সাংসদ ওই প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন।প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার প্রকৌশলীর ভাষ্যমতে, সরকারি ছুটির দিন হওয়ায় গতকাল শহরের শেরেবাংলা সড়কে সড়ক ভবনের কাছে অবস্থিত বাসভবনে অবস্থান করছিলেন প্রকৌশলী শাহজাহান। বেলা আড়াইটার দিকে সাংসদ শফিকুল লোকজন নিয়ে ওই ভবনের কাছে যান। তিনি নির্বাহী প্রকৌশলীর বাসভবনের ফটকের সামনে দাঁড়িয়ে তাঁকে ডেকে দিতে বললে পিয়ন তাঁকে খবর দেন।খবর পেয়ে শাহজাহান বাসভবনের ফটকে পৌঁছানোমাত্রই সাংসদ ও তাঁর লোকজন তাঁকে টেনেহিঁচড়ে ১০০ গজ দূরে অবস্থিত সড়ক ভবনে নিয়ে যান। ভবনের দ্বিতীয় তলায় ওঠার পর সাংসদ তাঁকে অফিস খুলতে বলেন। অফিস খোলা হলে শাহজাহানকে ভেতরে নিয়ে অকথ্য গালাগাল করেন তাঁরা। পরে সাংসদ তাঁর লোকজনকে নিয়ে নিচে নেমে চলে যান।জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে প্রকৌশলী শাহজাহান বলেন, সড়ক ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারেরা কেন সাংসদের সঙ্গে যোগাযোগ করেন না এবং এসব ঠিকাদারকে তার পরও কেন বিল দেওয়া হয়, এমন সব প্রশ্ন তুলে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।তবে, সাংসদ শফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, ঝিনাইদহ সড়ক বিভাগে দুর্নীতি চলছে। দুর্নীতির কারণে রাস্তাগুলোতে খুবই নিম্নমানের কাজ হচ্ছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি রাস্তা পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা বলতে তিনি বেশ কিছুদিন ধরেই নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আসছিলেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী তাঁর ফোন ধরেন না। তাই বাধ্য হয়ে তিনি সশরীরে হাজির হয়ে গতকাল নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সড়ক ভবনে যান। তবে এ সময় তিনি কাউকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেন সাংসদ শফিকুল ইসলাম।