ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে পুরোদমে জমে উঠেছে গাজীপুরের নির্বাচনী মাঠ। মেয়র পদপ্রার্থীদের প্রচারণায় এই মাঠ এখন দারুণ ব্যস্ত। দিনভর ও রাতের একটা বড় অংশজুড়ে তাঁরা এ মাঠ চষে বেড়াচ্ছেন। নিজ নিজ দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় নেমে পড়েছেন বড় দুই দলের অনেক কেন্দ্রীয় নেতাও।

এদিকে এই সিটিতে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর গতকাল শুক্রবার ছিল প্রথম ছুটির দিন। এ দিন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা জমজমাট প্রচারণায় পুরো সময় অতিবাহিত করেন।

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা সকালে পুবাইল হায়দারাবাদ এলাকায় একটি জানাজায় অংশ নেন। পরে ওই এলাকায় গণসংযোগ শুরুর মধ্য দিয়ে টঙ্গী মিলগেট, মুন্নু টেক্সটাইল, বোর্ডবাজার, বাসন, চাঁনপাড়া, চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর এলাকায় প্রচারণা চালান। কুনিয়া মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়েন তিনি। তাঁর পক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাওয়াল কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান।

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান সকালে টঙ্গী বাজারের সৈয়দশাহ হাজি মাজার জিয়ারত শেষে মাজার বস্তি, টঙ্গী বাজার, দেওড়া, মুদাফা, ভাদাম গুটিয়া, সাতাইশ চৌরাস্তা ও আউচপাড়ায় গণসংযোগে নামেন। তিনি দেওড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পর উপস্থিত মুসল্লিদের কাছে তিনি ভোট ও দোয়া চান। প্রচারণাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান ও মহিউদ্দিন প্রমুখ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

সম্প্রতি চার সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা জয়ী হওয়ায় জয়ের এই ধারা অব্যাহত রাখতে এখন গাজীপুর সিটিতেও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতারা। অন্যদিকে অনেকটা শেষ সম্বলের মতোই এখানে জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও।

ওই দুই মেয়র পদপ্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মেয়র পদপ্রার্থী রিনা সুলতানা, নাজিম উদ্দিন, মেসবাহ উদ্দিন ও আমানউল্লা গতকাল বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, শান্তিপূর্ণভাবেই প্রচার-প্রচারণা চলছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, সেটি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।