ছুটির দিনে মানিকগঞ্জে কেনাকাটার ধুম
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মানিকগঞ্জে বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতেও কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার ছুটির দিনে দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
গতকাল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেট, পৌর হকার্স মার্কেট, সিদ্দিক খান সুপার মার্কেট, জেলা শহরের কালীবাড়ি এলাকার তৃপ্তি প্লাজা, ডলি প্লাজা, পুরোনো বাটা মার্কেটসহ ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। পাশাপাশি মূল সড়কে যানজট কম থাকলেও বিপণিবিতানগুলোর সামনে ব্যাপক যানজট ছিল। সকাল থেকেই অধিকাংশ মার্কেটের প্রধান ফটকে বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীকে ঢুকতে দেখা যায়।
বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদরের জয়রা এলাকার একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কফিল উদ্দিনের সঙ্গে কথা হয় পৌর সুপার মার্কেটে। স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন তিনি। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঈদ উদ্যাপন করতে গ্রামের বাড়ি যাব। তাই আগেভাগেই কেনাকাটা সেরে রাখছি। তবে কাপড়চোপড় কেনা পুরোপুরি সম্পন্ন হয়নি। আবারও আসতে হবে।’
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হলের সামনে ফুটপাতের দোকানি আবদুর রউফ বলেন, এবার ঈদের প্রথম দুই সপ্তাহে তেমন একটা ক্রেতা না থাকায় বেচাবিক্রি কম ছিল। তবে গতকাল ক্রেতার চাপ অনেক বেড়ে যায়। সামনের দিনগুলোতে চাপ আরও বাড়বে।
পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী ওয়াসিম হোসেন বলেন, সপ্তাহ খানেক ধরে শিশু-কিশোরদের কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে। তবে গতকাল তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারাও কেনাকাটা করতে আসেন।