ছুটির দিনে মেলায় জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অমর একুশে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি।
ছবি: দীপু মালাকার

প্রত্যাশার ব্যত্যয় হয়নি। শুরুর পর গতকাল শুক্রবার প্রথম ছুটির দিনে বইমেলা পরিণত হয়েছিল জনসমুদ্রে। এবার আলাদা করে শিশুপ্রহর ছিল না। তবে মেলা শুরু হয়েছিল আগেভাগে, বেলা ১১টায়। প্রথম ভাগে বেশ কিছু অভিভাবক এসেছিলেন শিশুদের নিয়ে। জনস্রোত শুরু হয় দুপুর থেকে। নানা বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণপ্রাচুর্যে ভরে ওঠে মেলার মাঠ। বিক্রিও হয়েছে ভালো, হাসি প্রশস্ত হয়েছে প্রকাশকদের মুখে।

মেলায় যেতে দেখা যায়, শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো সড়ক দুপুর থেকে যানবাহন আর লোকে ঠাসা। মেট্রোরেলের কাজের জন্য পথটি সংকীর্ণ হয়ে গেছে। মেলায় অসংখ্য মানুষের সমাগম। ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষ ভালো ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) চারপাশের সড়ক, সোহরাওয়ার্দী উদ্যানের সামনের গেট ও দোয়েল চত্বরের সামনে রিকশাযাত্রী নামিয়ে দাঁড়িয়ে আছে বিশৃঙ্খলভাবে। ফলে মেলায় প্রবেশ বা বেরিয়ে আসতে লোকজনের বেশ ভোগান্তি হচ্ছে।

এবার বইমেলা শুরু হয় গত মঙ্গলবার। ব্যবস্থাপনা নিয়ে প্রথম দিন থেকেই প্রকাশক ও মেলায় আসা গ্রন্থানুরাগীরা অভিযোগ করে আসছেন। গতকালও একই অভিযোগের পুনরাবৃত্তি শোনা গেল।

নাসিমা খান বকুলের উপন্যাস প্রতীক্ষা প্রহর প্রকাশিত হয়েছে গতকাল অন্যপ্রকাশ থেকে। দল বেঁধে এ বই কিনতে গিয়েছিলেন তাঁর বন্ধুরা। তাঁদের দুজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা নাহিদ রাশেদ ও ক্লিপটন গ্রুপ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা লিপিয়া নাসরিন মেলার মাঠে গর্ত, আবর্জনা পোড়া ছাই-কয়লার স্তূপ, নালা—এসব নিয়ে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন। তাঁরা বললেন, একাডেমি মেলার শুরু করেই দায় সেরেছে। প্রতিবছর মেলা হয়, কিন্তু ব্যবস্থাপনার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। তবে এ উৎসবমুখর পরিবেশ তাঁরা খুব উপভোগ করছেন বলেও জানান।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অমর একুশে বইমেলার শিশু প্রহর ছিল শিশু-কিশোরদের পদচারণে মুখর। সোহরাওয়ার্দী উদ্যান, ১৮ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার

সময় প্রকাশন থেকে এবার প্রকাশিত হয়েছে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি আমি পরামানব। প্রকাশনীটির প্রকাশক এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বললেন, মেলামাঠের ব্যবস্থাপনার দায়িত্ব থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। তারা নিজেদের ইচ্ছেমতো চলছে। তিনি আরও বলেন, তাঁদের প্যাভিলিয়নের সামনে দুদিন আগে একটি কফির স্টলের আধা সমাপ্ত কাঠামো দাঁড় করানো হয়েছে। তিনি একাডেমি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। কোনো ফল হচ্ছে না। মেলায় এ ধরনের অব্যবস্থাপনা–আশঙ্কার কথা আগেই তাঁরা সমন্বয় কমিটির সভায় বলেছিলেন। বাস্তবেও তাই হচ্ছে।

ফরিদ আহমেদ মনে করেন, সুষ্ঠুভাবে মেলা করার জন্য একটি ব্যবস্থাপনা সেল থাকা দরকার। সারা বছর তারা পরিকল্পনা করে মেলার মান উন্নয়নের কাজ করবে। একাডেমির প্রধান কাজ গবেষণা করা। তারা মেলায় কী ধরনের বই প্রকাশ হয়, মান কেমন এসব নিয়ে গবেষণার জন্য গবেষক নিয়োগ দিতে পারে। সেসব কিছুই হয় না। মেলার উদ্যোগ শুরু হয় জানুয়ারি থেকে। এক মাসের পরিকল্পনায় এত বড় মেলার আয়োজন কখনোই ভালো হতে পারে না।

নতুন বই

মেলার তথ্যকেন্দ্রে গতকাল ১৭৭টি নতুন বইয়ের নাম জমা পড়েছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রথমা প্রকাশন এনেছে হাসান ফেরদৌসের উপন্যাস অবিভক্ত। অনুপম এনেছে সুব্রত বড়ুয়ার লেখা বই শিক্ষাবিদ আনিসুজ্জামানের জীবন কথা। অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের গল্পগ্রন্থ অচিন ফুলের গন্ধ, অবসর এনেছে বরেন চক্রবর্তীর উপন্যাস অনিন্দিতার করোনাযুদ্ধ, ঐতিহ্য এনেছে আলতাফ হোসেনের কাব্য আবার আগের দিন এল, আগামী এনেছে আনোয়ারা সৈয়দ হকের প্রবন্ধ নারীর কথা নারীর লেখা, শোভা প্রকাশ এনেছে আসাদুজ্জামান অংশুমানের প্রফেসর বিবেক সিরিজের প্রথম রহস্য উপন্যাস জয়ামায়া।

আত্মজীবনী ও অন্যান্য

ইতিহাসের বিচারে বিংশ শতকের চল্লিশ, পঞ্চাশ, ষাট ও সত্তর দশক ভারতীয় উপমহাদেশের এক বিশেষ কালপর্ব। এ সময় দেশের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সর্বোপরি রাজনৈতিক প্রবাহের কুশীলবদের অগ্রগণ্য একজন সরদার ফজলুল করিম। তিনি কখনো প্রত্যক্ষদর্শী, আবার কোনো কোনো ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী।

সরদার ফজলুল করিমের বই আত্মজীবনী ও অন্যান্য এনেছে প্রথমা প্রকাশন। বইটিতে তিনি কেবল নিজের বহুমাত্রিক জীবনের কথাই বলেননি; সেই সঙ্গে তুলে ধরেছেন চারটি দশকের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, সর্বোপরি রাজনীতির বহুরৈখিক চালচিত্র। অতুলনীয় ঘরোয়া ভঙ্গিতে বলা তাঁর এ বই সমাজ-গবেষক তো বটেই, অনুসন্ধিৎসু পাঠকের সামনে তুলে ধরবে অপার তথ্যের ভান্ডার। এ বই হয়ে উঠেছে আমাদের সামাজিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়।