তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছুটির দিনে প্রায়ই চিকিৎসক থাকেন না। রোগী দেখেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বা কর্তব্যরত নার্স। অভিযোগ পাওয়া গেছে কর্তব্যে অবহেলার।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে একজন নার্স ও একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন। কোনো চিকিৎসক ছিলেন না।
যে চিকিৎসক দায়িত্বে আছেন, তিনি সকালে এসে নিজের সেলফোন নম্বর দিয়ে বলে গেছেন, কোনো রোগী এলে তাঁকে যেন ফোন করা হয়। সকাল থেকে রোগী এসেছেন দুজন। তাঁদের ওই নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন এমন একজন বলেন, ছুটির দিনে নার্স বা অ্যাসিস্ট্যান্টরাই রোগী দেখেন। মেডিকেল অফিসাররা সাধারণত থাকতে চান না। দায়িত্বের পুরো সময়টা থাকেন না। তবে সবাই নন। কয়েকজন আছেন, যাঁরা ঠিকমতো বসেন এবং নিয়মিত রোগী দেখেন।
এই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সকাল আটটা থেকে বেলা দুইটা এবং বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত দুই পালায় দুজন চিকিৎসকের সার্বক্ষণিক থাকার নিয়ম। কর্তব্যরত নার্স বললেন, ছুটির দিনগুলোতে জরুরি বিভাগে গড়ে ১০ জনের মতো রোগী আসে।
নাম প্রকাশ না করার শর্তে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক স্টাফ বলেন, রোগী এলে চিকিৎসকেরা রোগীর রক্তচাপও মাপেন না। নার্সদের কাছে পাঠিয়ে দেন। এ ছাড়া ড্রেসিংয়ের কাজও নার্সরা করে থাকেন বলে জানান। তাঁরা বলেন, চিকিৎসকেরা বেশির ভাগ ক্ষেত্রেই নার্সদের ওপর ছেড়ে দিচ্ছেন। এতে নার্সদের কাজের ভুলও হয়ে থাকতে পারে।
তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক তাহমিনা সুলতানা চিকিৎসকের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলা সম্পর্কে বলেন, ‘এ বিষয়টি আমার জানা ছিল না। আমি দেখব।’
এই স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসক ও আটজন নার্স রয়েছেন। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ১৫০ জন রোগী আসেন। এখানে শুধু বহির্বিভাগের চিকিৎসাই হয়। অধিকাংশ রোগীই আসেন তেজগাঁও শিল্পাঞ্চল থেকে। এরা বেশির ভাগই তেজগাঁও, বেগুনবাড়ি ও এর আশপাশের এলাকার বাসিন্দা। এসব এলাকায় মূলত নিম্ন আয়ের মানুষ বসবাস করে।