ছুটির দিনে শীতের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের পিঠা এখন সকাল–বিকেল নগরের প্রায় সব এলাকায় মিলছে। কারওয়ান বাজারে তৈরি করা হচ্ছে গরম গরম ভাপা ও চিতই পিঠা l প্রথম আলো
শীতের পিঠা এখন সকাল–বিকেল নগরের প্রায় সব এলাকায় মিলছে। কারওয়ান বাজারে তৈরি করা হচ্ছে গরম গরম ভাপা ও চিতই পিঠা l প্রথম আলো

সকালে কি সন্ধ্যায় পাটালি ও নারকেল কোরা দিয়ে তৈরি গরম-গরম ভাপা বা সরিষা বাটার সঙ্গে ভাপ ওঠা চিতই এখন অনেকেরই রসনা তৃপ্ত করছে। ভাপা, চিতই, পাটিসাপটা প্রভৃতি এখন এই নগর ঢাকাতেও বেশ সুলভ। পাওয়া যায় হাত বাড়ালেই।
হেমন্তের শুরু থেকেই মহানগরের পাড়া-মহল্লার গলির মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ হয়ে বিভিন্ন কাঁচাবাজারের সামনে, এমনকি অফিসপাড়া মতিঝিলের ফুটপাতজুড়েও এখন সকাল-বিকেল রকমারি পিঠার পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। জাতীয় অর্থনীতির হাল যা-ই হোক, তাদের বেচাকেনায় কোনো মন্দার লক্ষণ নেই। গরম পিঠা চুলো থেকে নামানোমাত্র উঠে যাচ্ছে অপেক্ষমাণ পিঠারসিকদের হাতে।
বাঙালির পিঠা অনুরাগ সম্পর্কে গবেষক গোলাম মুরশিদ তাঁর হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইতে লিখেছেন, ‘মিষ্টি বাঙালির চিরদিনের পছন্দের খাবার। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের লোকেরা পায়েশ খেতেন। পিঠাও খেতেন। তারপর যত দিন গেছে তারা মিষ্টান্ন রান্নায় ততই বৈচিত্র্য আনতে চেষ্টা করেছেন।’ মধ্যযুগের সাহিত্যে বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নের উল্লেখ রয়েছে। সেকালে যেসব পিঠা ও মিষ্টান্ন খাওয়া হতো চৈতন্যচরিতামৃতে তার কিছু উল্লেখ আছে। পিঠার মধ্যে রয়েছ ক্ষীরপুলি, ক্ষীরকান্ত, চন্দ্রপুলি, নারকেলপুলি, ছানাবড়া, পাতপিঠা, দুগ্ধতুম্বী ইত্যাদি। এ ছাড়া সেকালের মিষ্টান্নের মধ্যে ছিল নারকেল, মুড়ি, চিড়াসহ বিভিন্ন রকমের নাড়ু। হাল আমলেও এসব প্রাচীন পিঠা তাদের ঐতিহ্য বজায় রেখে জনপ্রিয়তা ধরে রেখেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও হরেক রকম পিঠা। সাধারণত বিশেষ উৎসবে, পরবে, সামাজিক অনুষ্ঠানেই পিঠাপুলির আয়োজন হয়ে থাকে। তবে আবহমানকাল থেকে শীতকালটিই পিঠাপুলির জন্য খ্যাত। ঘরে নতুন ফসল ওঠায় সাধারণ কৃষিজীবী মানুষের সংসারে অভাব-অনটন কমে আসে। আর পিঠাকে সুস্বাদু করে তুলতে যেসব উপকরণের প্রয়োজন, তা-ও শীতকালেই সহজলভ্য।
ব্যস্ত নাগরিক জীবনে ইচ্ছে থাকলেও অনেক সময় সবার পিঠাপুলি তৈরির সুযোগ হয় না। পিঠা তৈরির প্রস্তুতি নিয়ে যে আনন্দঘন আয়োজন তা বাদ পড়ে। তবে নগরবাসীকে পিঠার স্বাদ থেকে বঞ্চিত হতে হচ্ছে না ফুটপাতের পসরা আর খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কল্যাণে। ঢাকায় পিঠা মিলবে সর্বত্র। টিএসসি মোড়ে রিকশাভ্যানে পিঠা বিক্রি করেন ইকবাল হোসেন। তিনি জানালেন প্রতিটি ভাপার দাম দশ টাকা, চিতই পাঁচ টাকা। এ ছাড়া কোথাও কোথাও পাটিসাপটা বা নারকেল ও ক্ষীরপুলিও পাওয়া যায় প্রতিটি ১৫ টাকা করে।
শুধু পিঠা তৈরির দোকানও রয়েছে বেইলি রোড, গুলশান-১, বারিধারা, বসুন্ধরা, বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায়। হালকা খাবারের দোকানেও শীতের মৌসুমে পিঠা পাওয়া যায়। এসব দোকানের পিঠার দাম একটু চড়া। তবে স্বাদে-মানে উন্নত। বেইলি রেডের পিঠাঘরের হারুনার রশীদ জানালেন প্রায় ৪০ রকমের পিঠা বিক্রি করেন তাঁরা। এখানে পাটিসাপটার দাম ৩০ টাকা, ভাপা ২০, চিতই ১৫ টাকা করে প্রতিটি।
পিঠা তো আছে নাগালের মধ্যেই। চাইলেই আজ ছুটির দিনে পিঠার স্বাদে রসনা তৃপ্ত করতে পারেন।