ছুটির দিনে ষোলো আনা উৎসব

হেমন্তের মিষ্টি রোদ সবে ঝাঁপি খুলেছে বাংলা একাডেমির সবুজ চত্বরে। একাডেমিতে ঢুকতেই বর্ধমান হাউসের সামনের অস্থায়ী মঞ্চ থেকে ভেসে এল গানের সুর। গতকাল শুক্রবার ছুটির দিনের ষোলো আনা প্রভাব পড়েছিল সাহিত্যের এই বড় আসরে। প্রথম দিনের তুলনায় আরও বেশি প্রাণবন্ত, মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় রীতিমতো লাইন ধরে মূল প্রবেশপথ দিয়ে নানা বয়েসি মানুষ ভেতরে ঢুকে।
দ্বিতীয় দিনে সাহিত্য, রাজনীতি, ক্রিকেট, নারী লেখকদের জীবন, বিজ্ঞানসহ নানা বিষয়ে অবিরাম আলোচনা চলে। দেশি-বিদেশি সাহিত্যিক, নানা পেশার শ্রোতারা বিভিন্ন অধিবেশনে যোগ দিয়েছেন। তুলে ধরেছেন নিজেদের ভাবনা।
সকাল সাড়ে নয়টায় ‘পাস্ট লাইভস’ নামের এ অধিবেশনটি সঞ্চালনা করেন সলিল ত্রিপাঠি। যাঁরা আলোচক ছিলেন তাঁদের প্রত্যেকের লেখক হয়ে ওঠার ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। ইংরেজিতে লিখে তাঁরা সুনাম কুড়িয়েছেন। কীভাবে লেখক হয়ে উঠলেন, সে গল্প বললেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক জিয়া হায়দার। তিনি একাধারে ব্যাংকার, আবার মানবাধিকার আইনজীবীও। অন্য দুই লেখক নমিতা গোখলে ও শশী থারুর। তাঁর মধ্যে শশী থারুর ভারতের সাবেক প্রতিমন্ত্রী। সঞ্চালক সলিল ত্রিপাঠি সাংবাদিকতা করেছেন বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমে, কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এ লেখকেরা ভাষা হিসেবে ইংরেজিকে বেছে নেওয়ার কারণ হিসেবে ইংরেজিতে তাঁদের স্বাচ্ছন্দ্যবোধের কথা বললেন। নমিতা গোখলে আবার অনেক ক্ষেত্রে নিজ ভাষার অপরিহার্যতার কথা বললেন। তাঁর মতে, নিজের মাটির কথা অনেক সময় অন্য ভাষায় বোঝানো যায় না।
বেলা ১১টায় ‘স্পেয়ারস অব ক্রিকেট’ অধিবেশনে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক গিডন হেইজ। ক্যারি পার্কার সিরিজ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে পরাশক্তিগুলোর মোড়লিপনা, জুয়া, স্পট ফিক্সিং, আইপিএল, টেস্ট ক্রিকেটের অস্তিত্বও ঠাঁই পেল আলোচনায়। বাংলাদেশের ক্রিকেটও ছিল। হেইজ বলেন, টেস্ট ক্রিকেট না থাকলে ক্রিকেটও থাকবে না।
মেলা চত্বরে আড্ডা দিতে দেখা গেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামকে। উৎসব সম্পর্কে উদ্বোধনী দিনে তিনি বলেছিলেন, মানুষের ভিন্ন ভিন্ন চিন্তার ফলেই নতুন নতুন জ্ঞানের জন্ম হয়েছে, আর সভ্যতা বিকশিত হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে বৈচিত্র৵ ও ভিন্নমত উদ্যাপিত হবে বলে তিনি আশা করেন। তাঁর বক্তব্যের প্রতিফলন পাওয়া গেল উৎসবের আঙ্গিক ও বিষয় ভাবনাতেও।
সকালে কেকে টি স্টেজে ছিল হানি হান্টার। মুনিজে মানজুরের সঞ্চালনায় কার্তিকা নায়ার ও জলি জোলিভেট সুন্দরবনের ওপর করা ইলাস্ট্রেশন বইটি নিয়ে আলোচনা করেন।
দুপুরে নারী লেখকদের একটি অধিবেশনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন ঔপন্যাসিক মঞ্জু কাপুর, নীলাঞ্জনা রায় এবং সমালোচক মুনেজা শামসি। তাহমিমা আনাম এ অধিবেশনটি সঞ্চালনা করেন। শ্রোতাদের কাছে নিজেদের লেখক হয়ে ওঠার গল্প তুলে ধরেন তাঁরা। তাঁদের স্বপ্ন, প্রতিবন্ধকতার গল্পগুলো উঠে আসে আলোচনায়।
অন্য অধিবেশনগুলোর মধ্যে চীনের অতীত ও বর্তমান নিয়ে বক্তৃতা দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইকেল পুয়েট। বিজ্ঞান নিয়ে একটি অধিবেশনে আলোচনা করেন লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং মার্কাস দ্যু সাঁতয়। অধিবেশনটি সঞ্চালনা করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
কসমিক টেন্টে অধ্যাপক মার্কাস দ্যু সাঁতয় ও মুনির হাসান গণিত নিয়ে আলোচনা করেন। দিনের অন্যতম আকর্ষণ ছিল মূল মঞ্চে মুহম্মদ জাফর ইকবাল ও স্টিফেন হকিংসের মেয়ে লুসি হকিংসের বিজ্ঞান নিয়ে আলোচনা।
সন্ধ্যায় নাভিদ মাহবুবের ‘হিউমারাসলি ইয়োরস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিল উন্মুক্ত মঞ্চে। তিনি ডেইলি স্টার পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, কবি আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরেদৗস আজিম ও লেখক নাভিদ মাহবুব।
দুপুরে বাজফিডের ওয়েবসাইটের সম্পাদক আইজ্যাক ফিটজারেল্ড অংশ নেন জমজমাট আরেকটি অধিবেশনে। তিনি বলেন, ‘হতে পারে এটি অনেক পুরোনো ধারণা কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক প্রযুক্তির নাম বই।’
বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু শিশু-কিশোরদের মনের খোরাক জোগাতে নানা আয়োজন ছিল কাল। স্টিফেন হকিংয়ের মেয়ে বিজ্ঞানবিষয়ক লেখক লুসি হকিংয়ের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছে কিশোর-কিশোরীরা। সন্ধ্যায় কবি জয় গোস্বামীর সঙ্গে শামীম রেজার আলাপচারিতাও মন ভরিয়েছে দর্শকদের।