ছুটির দিনে সুলতান মেলায় মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে বরেণ্যশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান মেলায় গতকাল শুক্রবার লোকজনের উপচে পড়া ভিড় ছিল। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। আজ শনিবার মেলা শেষ হবে।
জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন এবং সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ স্থানীয় সুলতানপ্রেমীরা এ উৎসবকে সার্থক করে তুলতে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন। সহযোগিতা করছে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক। চার দিনের উৎসবের মধ্যে আছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। আশপাশের জেলাগুলো থেকেও শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী মেলায় তাঁদের পসরা সাজিয়ে বসেছেন।
আলোচনা সভায় গতকাল সভাপতিত্ব করেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু হানিফ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহম্মেদ ছিদ্দিক, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরী, অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান প্রমুখ।