ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী। ছবি: সোহেল মহসীন শিপন
টাঙ্গাইলের মির্জাপুরে আজ সকালে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী। ছবি: সোহেল মহসীন শিপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার ছুটির দিনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে রাজধানীতে দুজন, বগুড়ার ধুনট উপজেলায় স্বামী-স্ত্রী, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নারীসহ তিনজন এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একজন বৃদ্ধা রয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজধানী: খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
খিলক্ষেতে সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হন। তাঁর বয়স আনুমানিক ৩৫। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় খিলক্ষেত থানার পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইলের ভাষ্য, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।
তেজগাঁও এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় আলতাফ হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা-কর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি লালমনিরহাট। সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ধুনট (বগুড়া) : ধুনটে আজ সকাল নয়টার দিকে ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন হটিয়ারপাড়া গ্রামের মোমতাজ উদ্দিন (৪৫) ও তাঁর স্ত্রী শেফালী খাতুন (৩৫)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের ভাষ্য, নিহত শেফালীর ছোট ভাই ওবাইদুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে স্বামী-স্ত্রী ছিলেন। সোনাহাটা বাজারের তিন মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। ওবাইদুল সামান্য আঘাত পান। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ: কামারখন্দের বানিয়াগাতীতে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রীবাহী একটি বাসকে পাশ থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে পড়ে যায়। এতে তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিনের ভাষ্য, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম চায়না খাতুন (২০)। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। অন্যদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরের দেওহাটা গ্রামে আজ সকাল নয়টার দিকে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় নয়নবালা (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উড়ালসেতু নির্মাণের দাবিতে সকাল ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের ভাষ্য, অবরোধে মহাসড়কের দুই পাশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।