ছুটির দিনে হাতিরঝিলে বিনোদনপিয়াসীদের ঢল
রাজধানীর হাতিরঝিল সমন্বিত প্রকল্পের সৌন্দর্যবর্ধনসহ নির্মাণকাজের অনেক কিছু এখনো শেষ হয়নি। বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে চলছে কাজ। কিন্তু তা বাধা হতে পারেনি নগরের বিনোদনপিয়াসী মানুষের কাছে। বুধবার প্রকল্প এলাকা জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার মানুষের ঢল নেমেছিল।রাজধানীর নতুন এই বিনোদনকেন্দ্রে গতকাল দুপুরের পর থেকে বাড়তে থাকে মানুষের ভিড়। একসময় পুরো প্রকল্প এলাকা পরিণত হয় বিশাল জনসমাবেশে। শেষবিকেলে দেখা যায়, এলাকার চারটি সেতু ও উড়ালসড়ক এবং লেকের পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ সৌন্দর্য উপভোগ করছেন। সবুজ আর উন্মুক্ত স্থান হারিয়ে যেতে বসা এ নগরের মানুষ বুক ভরে শ্বাস নিচ্ছিলেন লেকের ধারের নির্মল বাতাসে। সন্ধ্যার পর প্রকল্প এলাকার নয়নাভিরাম আলো দর্শনার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। এফডিসির সামনের মোড় থেকে ঢুকে প্রথম সেতু থেকে রামপুরা ও গুলশান-১-এর কাছের তিনটি সেতু ও উড়ালসড়কের দিকে তাকালে মনে হচ্ছিল, ওই এলাকায় যেন আলোর মিছিল চলছে।বেগুনবাড়ী এলাকার প্রবীণ বাসিন্দা তোফায়েল আহমেদ বললেন, এই এলাকায় তিনি প্রায় ৪০ বছর ধরে আছেন। নিজেদের বাড়ি, তাই অন্য কোথাও থাকা হয়নি। জীবনের শেষ দিকে এসে মনে হচ্ছে, তাঁর এলাকার চেয়ে সুন্দর জায়গা বোধ হয় আর কোথাও নেই। মুগ্ধ তোফায়েল আহমেদ বললেন, ‘নাতি-নাতনিদের জন্য খেলার জায়গা হয়েছে। আমার জন্যও হাঁটার একটা জায়গা হলো।’গতকাল প্রকল্প এলাকায় বেশি করে চোখে পড়ে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। ছোট ছোট দলে ভাগ হয়ে মোটরসাইকেলে করে পুরো এলাকা চক্কর দিচ্ছিলেন অনেকে। তবে এদিন শিশুরা মজা করতে পারেনি বললেই চলে। অসংখ্য মানুষ আর গাড়ির কারণে তাদের বাবা-মায়ের হাত ধরে বা কোলে বসে থাকতে হয়েছে। একজন মা এ নিয়ে আফসোস করছিলেন। গুলশান-১-এ আড়ংয়ের পেছনের দিকে বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সানজিদা সাদিয়া নামের এই নারী বললেন, ‘ভেবেছিলাম বাচ্চাকে ছেড়ে দেব। একটু দৌড়াদৌড়ি করবে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এত মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল মনে হচ্ছে।’ তবে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটা একটা অসাধারণ কাজ করেছে।’তবে দর্শনার্থীদের কারও কারও দায়িত্বহীন কাজ অন্যদের পীড়া দিয়েছে। কেউ কেউ প্রকল্প এলাকার ফুলের বাগান নষ্ট করছিলেন। কেউ বা ফুলও তুলছিলেন। এমন কয়েকজন যুবককে তাৎক্ষণিক শাস্তি দিয়েছেন এলাকার তত্ত্বাবধানে নিয়োজিত সেনাসদস্যরা। বিপুলসংখ্যক গাড়ির কারণে প্রকল্প এলাকার প্রতিটি প্রবেশপথের কাছে যান চলাচল নিয়ন্ত্রণকারী পুলিশকে গলদঘর্ম হতে দেখা গেছে। একজন ট্রাফিক পুলিশকর্মী বলেন, দুপুরের পর থেকে গাড়ির সংখ্যা ব্যাপকভাবে বাড়ে। প্রকল্প এলাকার প্রবেশপথসংলগ্ন সড়কগুলোতে গাড়ির চাপ বেশি।সন্ধ্যার পর প্রকল্প এলাকা থেকে বের হওয়ার সময় দেখা গেল, প্রবেশপথের কাছে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তাদের সহায়তার জন্য ছিলেন সাধারণ পুলিশ সদস্যরাও। প্রকল্পে বিনোদনের জন্য নির্ধারিত স্থান, ওয়াটার কোর্ট, পানিতে চলাচলের ট্যাক্সি টার্মিনাল ও অ্যাম্ফিথিয়েটারের নির্মাণকাজ শেষ হয়নি। প্রকল্প এলাকায় দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য বললেন, এগুলো শেষ হলে এবং রোপণ করা গাছগুলো বড় হলে সৌন্দর্য আরও অনেক বাড়বে। প্রসঙ্গত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন প্রকল্পটি বাস্তবায়ন করেছে।