ছুটির দিনেও অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল শুক্রবার ছুটির দিনেও তাঁর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে আন্দোলনের কারণে ২৩ জুনের বাতিল করা সিন্ডিকেট বৈঠক আবার আহ্বান করার দাবিতে গতকাল বেশ কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষক ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। এর অংশ হিসেবে আজ শনিবার অবস্থান কর্মসূচি ও কাল রোববার উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা করা হবে।
এই আন্দোলনের কারণে ২৩ জুন সিন্ডিকেটের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। ওই বৈঠক আবার আহ্বান করার দাবি জানিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছুসংখ্যক শিক্ষক উপাচার্যের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছেন। যথাসময়ে সিন্ডিকেট বৈঠক না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে বলে তাঁরা উপাচার্যকে জানিয়েছেন। এরপর তাঁরা আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করে সিন্ডিকেট বৈঠক আয়োজনে বাধা না দিতে অনুরোধ জানান।
এ প্রসঙ্গে গণিত বিভাগের শিক্ষক সৈয়দ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হলেও কেবল সিন্ডিকেট বৈঠক না হওয়ায় শিক্ষকদের পদোন্নতিসহ এবং আপগ্রেডেশনের বিষয়টি ঝুলে রয়েছে। এ অবস্থায় দ্রুত সিন্ডিকেট বৈঠক আহ্বান করার জন্য আমরা উপাচার্যের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছি। একইভাবে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গেও দেখা করে সিন্ডিকেট বৈঠক করার বিষয়ে যেন বাধা দেওয়া না হয়, সে অনুরোধও করেছি।’