ছুটির দিনেও কাইয়ুম চৌধুরীর কাজ দেখতে দর্শক সমাগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে প্রথম আলো আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে প্রথম আলো আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সাপ্তাহিক ছুটি। কিন্তু গতকাল বেলা দুইটা থেকেই মানুষ এসেছে জাদুঘরে। দেখেছে প্রথম আলো আয়োজিত শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে প্রদর্শনী। দর্শকদের মধ্যে ছিলেন সব ধরনের মানুষ—বৃদ্ধ, তরুণ, এমনকি শিশু। প্রদর্শনীর শিরোনাম ‘জনশিল্পের কিংবদন্তি’।
প্রথম আলো পত্রিকার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরীর বিভিন্ন নকশা, প্রথমা প্রকাশনের বইয়ের জন্য করা প্রচ্ছদ প্রদর্শিত হচ্ছে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। এখানে আছে তাঁর আঁকা কিছু চিত্রকর্মও। প্রথম আলোর লোগো, বিভিন্ন পাতার নকশা কীভাবে শিল্পীর হাত দিয়ে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে—সেটা দেখা যাবে এখানে। বাংলা লিপির কী বিচিত্র ধরনের নিরীক্ষা তিনি করেছিলেন, তারও আভাস মিলবে। প্রদর্শনীতে আছে ৬০-৭০ দশকে শিল্পীর করা বেশ কিছু প্রচ্ছদের অনুলিপিও।
প্রবাসী প্রকৌশলী ইজাজ রাসুল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। গতকালও এলেন, সঙ্গে নিয়ে এলেন এক বন্ধুকে। কেমন লাগছে প্রদর্শনী, এমন প্রশ্নের উত্তরে বললেন, ‘এককথায় অসাধারণ। নিভৃত পল্লির সাধারণ মানুষ থেকে শহুরে তথাকথিত শিল্পরসিক—কেউই তাঁর শিল্পভাবনা থেকে বাদ যায়নি। সবাইকেই তিনি আকর্ষণ করতে পেরেছিলেন।’
আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ও কাল বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখার সুযোগ থাকছে।
প্রদর্শনীতে চলছিল বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত প্রামাণ্যচিত্র আবহমান কাইয়ুম চৌধুরী। পুরো ছবি দেখবেন বলে কয়েকজন দর্শনার্থী সামনে রাখা চেয়ারগুলোতে বসে যান। আর গ্যালারির প্রবেশদ্বারের ঠিক বাইরে বিক্রি হচ্ছিল প্রথমার বই। সেখান থেকে জানা গেল, প্রথমা প্রকাশিত কাইয়ুম চৌধুরীর লেখা দুটি বই—হাতের ছোঁয়ায় রোদের শিহরণ ও জীবনে আমার যত আনন্দ বেশ বিক্রি হচ্ছে।