ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার ছুটির দিনেও প্রায় সারা দিন যানজট ছিল। সড়কের খানাখন্দে পড়ে দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় ওই যানজটের সৃষ্টি হয়। ফলে সারা দিনই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে আরেকটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কেও তৈরি হয় ব্যাপক যানজট।হাইওয়ে পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের মধ্যে সবচেয়ে বেশি খানাখন্দের সৃষ্টি হয়েছে কোনাবাড়ী এলাকায়। ভাঙা রাস্তার কারণে গতকাল সকাল ১০টার দিকে কোনাবাড়ী বাজারের উজ্জ্বল মার্কেটের সামনে একটি ও ড্রিমল্যান্ড হোটেলের সামনে আরেকটি মালবাহী ট্রাক বিকল হয়। এতে ওই সড়কে যানজট বাড়তে থাকে। পরে হাইওয়ে পুলিশকে ওই সড়কের গাড়ি একমুখী করে চালাতে হয়। এ সময়ে উভয় দিকে ছয় থেকে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।অপরদিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী বাজারে গতকাল বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যানজট ছিল। যানজটে আটকা পড়ে শত শত যাত্রী পড়েন চরম দুর্ভোগে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বলেন, গতকাল সকালে টঙ্গীতে একটি ট্রাক বিকল হলে পুলিশের একটি রেকার সেখানে চলে যায়। কিছুক্ষণ পর কোনাবাড়ীতে দুটি ট্রাক বিকল হলে যানজট বাড়তে থাকে। পরে অপর একটি ট্রাকের সহায়তায় কোনাবাড়ীতে বিকল হওয়া দুটি ট্রাক সড়ক থেকে সরিয়ে নিলে বেলা তিনটা থেকে যানবাহন চলতে থাকে। কিন্তু সড়কে বড় বড় গর্তের কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলে। এ কারণে যানজট একেবারে দূর করা সম্ভব হচ্ছে না। তিন-চার দিন আগে সওজের লোকজন কোনাবাড়ীর গর্তগুলো ভরাটে ছোট দুই ট্রাক ইট দিলেও তা কোনো কাজে আসেনি।এদিকে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুরের গোড়াই ও যমুনা সেতু পর্যন্ত এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী বাজারসহ বেশ কয়েকটি স্থানে সড়কের সংস্কারকাজ আগামী ঈদের আগেই মেরামত করা না হলে ঈদের ছুটিতে যানজট ভয়াবহ আকার ধারণ করবে। তাই সওজের এখনই মহাসড়কগুলো সংস্কারের কাজ করা উচিত।