ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা পর্যন্ত এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রা থেকে চক্রবর্তী পর্যন্ত বিভিন্ন এলাকায় ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে গত বৃহস্পতিবার রাতে তিনটি ট্রাক উল্টে গেছে এবং পাঁচটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে পড়ে, যার কারণে ওই এলাকায় গতকাল শুক্রবার ছুটির দিনেও প্রায় সাত কিলোমিটার যানজট লেগে থাকে।অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে নামমাত্র মেরামত করতে দেখা গেছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সারা রাত সড়কে শত শত ট্রাক চলাচল করেছে। এর মধ্যে গতকাল ভোর পাঁচটার দিকে কোনাবাড়ী বাজারের ওপর তিনটি ট্রাক গর্তে পড়ে মালামাল নিয়ে উল্টে যায়। এবং একটি ট্রাক বিকল হয়ে পড়ায় সকাল থেকে কোনাবাড়ী থেকে উভয় দিকে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে গাজীপুর থেকে পুলিশের রেকার এনে ট্রাকগুলো সরিয়ে নিলে সকাল সাড়ে ১০টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া অন্য সব জায়গায় কিছু কিছু মেরামতকাজ শুরু হলেও গুরুত্বপূর্ণ কোনাবাড়ী এলাকায় এখনো কোনো মেরামতকাজ শুরু হয়নি।গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি, সূত্রাপুর এলাকায় একটি ও জিরানী এলাকায় দুটি ট্রাক ও পিকআপ বিকল হয়ে পড়ে। সেগুলো পড়ে অন্য ট্রাকের মাধ্যমে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাইমাইল, কোনাবাড়ী, তেলিরচালা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর বাইপাস সড়ক, সূত্রাপুরসহ প্রায় ১৫-১৬টি এলাকায় প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া, কবিরপুর, জিরানী ও চক্রবর্তী এলাকায় রয়েছে ছোটবড় অনেক গর্ত। ওই সব গর্তের কারণে যানবাহনগুলো চলতে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া খানাখন্দে পড়ে প্রতিদিনই যানবাহন বিকল হয়ে পড়ছে, বিশেষ করে মালবাহী ট্রাক।অপরদিকে গতকাল সকাল থেকে গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজন ট্রাকের মধ্যে ইটের খোয়া আর বালু দিয়ে কোনো রকমের দায়সারা মেরামতকাজ করতে দেখা গেছে। যেগুলো অল্প বৃষ্টি হলেই যানবাহনের ভারে সরে গিয়ে আগের অবস্থায় ফিরে আসবে।চন্দ্রা এলাকার আজমেরী পরিবহনের চালক আ. আওয়াল জানান, চন্দ্রা ত্রিমোড়ে গতকাল সকাল থেকে কোনো রকমে মেরামতকাজ হচ্ছে। গাড়ির চাকায় লেগে দু-তিন দিনের মধ্যে এগুলো উঠে যাবে এবং অগের মতো হয়ে যাবে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকার বিকল হয়ে পড়া ট্রাকগুলো সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।গাজীপুর সওজের উপসহকারী প্রকৌশলী নাজিম রেজা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত যেসব খানাখন্দ রয়েছে, সেগুলো শুক্রবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হয়েছে।