ছুটির দিনেও পঙ্গু হাসপাতালের বহির্বিভাগে সেবা
সরকারি ছুটির দিনে গতকাল বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বহির্বিভাগ খোলা ছিল। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে পঙ্গু হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা বহির্বিভাগে আসেন। তাঁরা সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগী দেখেন। অন্য দিনগুলোতে চিকিৎসক দেখাতে ১০ টাকার টিকিট কিনতে হলেও গতকাল তা রোগীকে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ও জাতীয় অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল গণি মোল্লা প্রথম আলোকে বলেন, সরকারি ছুটি থাকলেও বিশেষ চিকিৎসক দল গঠন করে গতকাল ১২০ জন রোগীকে বহিবির্ভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। এদিকে হাসপাতালের পরিচালক আবদুল আউয়াল রিজভীর নেতৃত্বে সকাল ১০টায় রান্নাঘর থেকে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা।