ছুটির দিনেও পরীক্ষা!
কুমিল্লার লাকসাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুক্রবারসহ সরকারি অন্যান্য ছুটির দিনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ১০ দিনের ছুটি সংযোজন করতে বলা হয়েছে। নির্দেশনা অনুসারে ৪, ৫ ও ৬ আগস্ট, ২০ সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ছয় দিনসহ মোট ১০ দিন ছুটি ঘোষণা করা হয়। অথচ মন্ত্রণালয়ের ওই নির্দেশনা উপেক্ষা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারি ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার জন্য উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পশ্চিমগাঁও আদর্শ, রেলওয়ে, কুন্দ্রা, বাতাখালী, গুনতি, উত্তরকুল ও বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে ছুটির দিনে পরীক্ষা নেওয়া হয়েছে। আবার কোনো কোনো বিদ্যালয়ে স্থানীয় প্রশাসন কিংবা মন্ত্রণালয়ের নির্দেশ মানা হয়নি। তারা নিজেদের ইচ্ছামতো রুটিন করে পরীক্ষা নিয়েছে। এ ছাড়া গাজিমুড়া, নশরতপুুর, দৌলতগঞ্জ, ইছাপুরা, নরপাটি, ফুলগাঁও, নুরপুর, চানগাঁও, মোহামঞ্চদপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে রোজার ঈদের পর পরীক্ষা নেওয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিন্হা বলেন, ‘ছুটির দিনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়ায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রের গোপনীয়তা বিঘ্নিত হয়েছে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ মন্ত্রণালয়ের নির্দেশনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষার সময়সূচি আগেই নির্ধারণ করা হয়েছে। সুতরাং আমার কিছুই করার নেই।’