ছুটির দিনেও পাঠদান
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্নাতক (সম্মান) দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে এদিন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে সাধারণ পাঠদান বন্ধ ছিল।
কিন্তু দুপুরে কলেজে গিয়ে দেখা গেল, ওই পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হতে না হতেই দল বেঁধে কলেজে ঢুকছে একাদশ শ্রেণির ছাত্রীরা। কলেজের হলরুমে গিয়ে বসল তারা। ঠিক দেড়টায় তাদের পাঠদান শুরু করলেন বাংলা বিভাগের শিক্ষক আবদুর রশিদ। এদিন বেলা আড়াইটায় কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদকেও ছাত্রীদের পড়াতে দেখা গেল।
খোঁজ নিয়ে জানা গেল, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং কলেজের নিজস্ব পরীক্ষার কারণে বছরের প্রায় অর্ধেক সময়ই কলেজে স্বাভাবিক পাঠদান বন্ধ থাকে। এতে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে যায় কলেজটি। সেই ক্ষতি পোষাতে পরীক্ষার দিনগুলোতে দিনের দ্বিতীয়ার্ধে পাঠদান শুরু করেছে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কর্তৃপক্ষ।
জানতে চাইলে অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ প্রথম আলোকে বলেন, কলেজটিতে বর্তমানে প্রায় ২ হাজার ছাত্রী পড়াশোনা করে। কলেজে তাদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার ধারাবাহিকতা সৃষ্টি করতে ‘নিবিড় পর্যবেক্ষণ কর্মসূচি’ হাতে নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ছুটির দিনে পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
কলেজটির একাদশ শ্রেণিতে তিনটি বিভাগে মোট ৫৯১ জন ছাত্রী রয়েছে। শিক্ষকদের বিশেষ এই উদ্যোগে সাড়া দিয়ে গতকাল চার শতাধিক শিক্ষার্থী কলেজে এসে ক্লাস করে।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কলেজের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কলেজমুখী করানো এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করা। ছুটির দিনে পাঠদানের এই কর্মসূচিতে প্রাথমিকভাবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রাখা হয়েছে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের সব ছাত্রীকে হলরুমে (একটি বড় কক্ষে) নিয়ে অভিন্ন বিষয়গুলো পড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে সম্মান শ্রেণির ছাত্রীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে শিক্ষার্থী ও অভিভাবকেরা ইতিবাচক হিসেবেই দেখছেন।
একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী তামান্না ইয়াসমিন বলে, সাপ্তাহিক ও শিক্ষাপঞ্জির ছুটিতে এমনিতেই বছরে তিন মাস কলেজ বন্ধ থাকে। এরপর কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারি দপ্তরের নিয়োগ পরীক্ষাও এই কলেজে অনুষ্ঠিত হয়। ফলে সব মিলিয়ে বছরের ছয় মাসই কলেজে পাঠদান হয় না। কলেজ বন্ধ থাকলে বাড়িতেও পড়তে মন চায় না। শিক্ষকদের এই উদ্যোগে পড়াশোনায় ধারাবাহিকতা তৈরি হবে।
কলেজের ফটকে কথা হয় অভিভাবক আজাদ রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ছুটির সময় মেয়ে কলেজে আসতে চাওয়ায় সন্দেহ হয়েছিল। কিন্তু কলেজে এসে পাঠদানের কৌশল দেখে মন ভালো হয়ে গেছে। এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানেও নেওয়া দরকার।’