
বৃষ্টির পানি যাওয়ার নর্দমার জন্য প্রায় ১৮ ইঞ্চি ব্যাসের চওড়া পাইপ বসাতে বেইলি রোডের পূর্ব দিকের প্রান্তের মুখে বিশাল গর্ত খোঁড়া হয়েছে। খুঁড়ে তোলা মাটি ও পিচের খণ্ড, ভাঙা ইট ইত্যাদি অগোছালোভাবে রাখা হয়েছে। ফলে একমুখী চলাচলের সড়কটিতে গতকাল ছুটির দিনেও (স্বাধীনতা দিবস উপলক্ষে) দীর্ঘ ও দুঃসহ যানজট হয়েছে।
গতকাল রোববার দুপুরে এলাকায় গিয়ে এ অবস্থা দেখা যায়। এলাকাবাসী বলেন, এর আগে শনিবার ও শুক্রবারেও তীব্র যানজট হয়। গতকাল বিকেল চারটার দিকে যানজট বেইলি রোড ছাড়িয়ে প্রধান সড়কে (ক্যাপ্টেন মনসুর আলী সরণি-অফিসার্স ক্লাবের কাছে) গিয়ে ঠেকে। পার্শ্ববর্তী সার্কিট হাউস রোড ও সিদ্ধেশ্বরী লেনেও যানজট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, জলাবদ্ধতা দূর করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ করতে হচ্ছে। চেষ্টা করা হচ্ছে বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করতে।
বেইলি রোড মোড়ের প্রায় ৪০ ফুট চওড়া সড়কের অনেকটাই খুঁড়ে ফেলা হয়েছে। এর এক–চতুর্থাংশ সড়ক চালু রাখা হয়েছে গর্তের ওপর লোহার মোটা পাত দিয়ে। বাকি অংশ হলুদ ফিতা আর দড়ি দিয়ে ঘেরাও দেওয়া। সাইনবোর্ড দাঁড় করা আছে। সেখানে লেখা, ‘সাবধান জরুরি কাজ চলিতেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তা উন্নয়নকাজ চলিতেছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
এক রিকশাযাত্রী মন্তব্য করেন, বলা হচ্ছে, সাময়িক অসুবিধা। কত দিন লাগে দেখা যাবে। সাইনবোর্ডে রাস্তার উন্নয়নকাজের কথা লেখা হলেও আসলে কাজ চলছে বৃষ্টির পানি নামার নর্দমার (ড্রেনেজ লাইন)। করপোরেশন সূত্রমতে, ঠিকাদারের লোকজন নিজেদের মতো করে এ ভাবে লিখেছে। আগের কোনো সাইনবোর্ড এখানে বসিয়ে দিয়েছে। বর্ষা মৌসুমে শান্তিনগরের চারদিকের ব্যাপক জলাবদ্ধতা কমিয়ে আনতে তিনটি প্যাকেজে ১০০ কোটি টাকার (নির্মাণ সরঞ্জামসহ) যে উন্নয়নকাজ চলছে, বেইলি রোডের খোঁড়াখুঁড়ির কাজটি তারই অংশ।
সড়কের যে অংশে লোহার পাত দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে দিনরাত তীব্র যানজট হচ্ছে বলে স্থানীয় দোকানিরা জানান। মোড়ের একটি বেকারির কর্মী আবদুল জলিল বলেন, পাঁচ দিন আগে রাস্তা খোঁড়া হয়েছে। সেই থেকে সার্বক্ষণিক যানজট। বৃষ্টি হলে কাদা, অন্য সময় ধুলা।
মোবাইল সেট বিক্রয়কেন্দ্রের একজন কর্মী স্বপন বলেন, আগে নিউ কাকরাইল রোড থেকে গর্ত খুঁড়ে খুঁড়ে তারপর এই পর্যন্ত এসেছে। এলাকার দোকানি, যানবাহন আরোহী, পথচারী সবার এক কথা—কবে শেষ হবে এই খোঁড়াখুঁড়ি। দেখা গেল, ঘটনাস্থলে বিভিন্ন যানবাহন আরোহী ও পথচারীরা চরম বিরক্ত। পশ্চিম প্রান্ত থেকে রিকশায় আসছিলেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বিদায়ী ছাত্রী বিলকিস বানু। বললেন, আরামবাগ থেকে ছোট বোনকে নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে এসেছিলেন। কিন্তু এসে যাতায়াতে শান্তি পাচ্ছেন না। বসে আছেন আধা ঘণ্টার ওপর।
সোয়া চারটার দিকে শুরু হলো স্লোগান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল। দলীয় কার্যালয় এলাকা থেকে কাকরাইল, নিউ কাকরাইল রোড, বেইলি রোডের মোড় হয়ে একটি অংশ মালিবাগ মোড়ের দিকে আরেকটি অংশ শান্তিনগর অভিমুখে যাচ্ছিল। এ সময় যানজট আরও তীব্র হয়ে ওঠে।