ছুটির দিনেও শিশুপার্কের সামনে যানজট
শাহবাগে শিশুপার্কের সামনে যানজট লেগেই থাকে। ছুটির দিনে তা না কমে বরং বেড়ে যায় বহু গুণে। শাহবাগে শিশুপার্কের মুখের এই যানজট ধীরে ধীরে শাহবাগ মোড়ের চার রাস্তা পর্যন্ত ছড়ায়। তখন সব দিনের মতোই মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
পথচারীদের অভিযোগ, শাহবাগ মোড়ের সড়কে যানবাহন পার্ক করে রাখা হচ্ছে, ফুটপাত হকারদের দখলে চলে গেছে। তারপরে নিষিদ্ধ হলেও রিকশা চলে নিয়মিত। দুপুরের পরে শিশুপার্ক খোলা হয়। ভিড়টা এ সময় থেকেই বাড়তে থাকে। পার্কের গেটের সামনে একটি ‘ইউটার্ন’ আছে। পার্কগামী যানগুলো টার্ন নেওয়ার সময় দুই পাশের যানগুলো থেমে থাকে। এতে করে যানজট আর কমে না।
গতকাল রোববার দেখা যায়, শাহবাগে শিশুপার্কের মুখের সড়কে কোনো ট্রাফিক পুলিশ নেই। যানবাহন চলছে ইচ্ছেমতো। আবার পার্কে ঢুকতে যাওয়া গাড়িগুলো দীর্ঘক্ষণ গেটের কাছে আটকে থাকায় সোজা পথে আসা যানগুলোও আর চলতে পারে না। এতে করে পেছনে যানবাহনের সারি মৎস্য ভবন মোড় পর্যন্ত বিস্তৃত হতে থাকে। এ সারি সহজে কমে না।
আবুল কালাম নামের এক পথচারী বলেন, তিনি এ পথে চলাচল করেন। অফিস চলার দিনে দীর্ঘ সময় শাহবাগ মোড়ে বসে থাকতে হয়। কিন্তু ছুটির দিনেও নিস্তার নেই। এদিন শাহবাগে শিশুপার্কের মুখের সামনে জট লেগে যায়। সে জট সহজে আর যায় না। এতে করে দীর্ঘ সময় পথেই নষ্ট হয়ে যায়।
শুধু তা-ই নয়, সড়কে দেখা যায় রিকশা, সিএনজিসহ ব্যক্তিগত অনেক গাড়ি মূল সড়কে পার্ক করা। শিশুপার্কের সঙ্গে লাগোয়া ফুটপাতটিতে অসংখ্য হকার বসে আছেন। ফুলের দোকান, ভাতের হোটেল থেকে শুরু করে রকমারি পণ্যের পসরা সাজানো সেসব দোকানে। কেউ কেউ তো আবার মূল সড়কে পণ্যের ভ্যান রেখে ব্যবসা করছেন। আলী হোসেন নামের এক পথচারী বলেন, ‘বিকেল হলে তো ফুটপাত দিয়া হাঁটন যায় না। রাস্তা দিয়া হাঁটতে হয়।’ আলীর মতো অনেককেই দেখা গেল ফুটপাত ছেড়ে সড়ক ধরে হাঁটছেন।
শাহবাগে সিগন্যাল চলতেই থাকে। আর শিশুপার্কের সামনে গিয়ে তা আরও বাড়ে। প্রায়ই এ জট মৎস্য ভবন পর্যন্ত ছাড়িয়ে যায়। শাহবাগ থেকে মৎস্য ভবনগামী অনেক রিকশা চলে। কিন্তু এ সড়কে রিকশা নিষিদ্ধ। অভিযোগ, ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই এই সড়কে রিকশা চলাচল করে।
ঢাকা ট্রাফিক দক্ষিণ বিভাগ শাহবাগ অঞ্চলের সহকারী কমিশনার উখিংমে মারমা বলেন, শাহবাগ থেকে প্রায়ই ট্রাফিক পুলিশের সদস্যরা গিয়ে শাহবাগে শিশুপার্কের মোড়ের যানবাহন নিয়ন্ত্রণ করেন। সড়কে পার্কিং ও রিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা গাড়ি দেখলে দাঁড়াতে দেন না। প্রায়ই সিএনজিগুলোর বিরুদ্ধে মামলা করেন। রিকশাগুলোয় শিশুপার্কে আসা বাচ্চা থাকে বলে তাঁরা ছেড়ে দেন। এ ছাড়া ফুটপাত অপরাধ বিভাগের, তাই সেটা তাঁরা দেখেন না।