ছুটির দিনেও স্থবির বগুড়া শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে যানজটে স্থবির বগুড়া শহর। এতে ঈদের কেনাকাটায় আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।

গতকাল শনিবার বেলা ১১টা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ট্রাফিক পুলিশের অস্থায়ী কার্যালয় থেকে বিরামহীনভাবে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, শহরে কোনো প্রকার অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চলবে না। রেজিস্ট্রেশনবিহীন থ্রি-হুইলার সিএনজি চলবে না। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনো প্রকার ভারী যানবাহন শহরের ভেতরে চলাচল করতে পারবে না।

 ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যখন ওই ঘোষণা দেওয়া হচ্ছিল, তখনই দেখা গেল, ট্রাফিক বক্সের বাঁ পাশে জিলা স্কুল ও সাতানীবাড়ির সরু গলিতে কয়েক শ ব্যাটারিচালিত ইজিবাইকের দীর্ঘ সারি। ট্রাফিক পুলিশের সামনেই যাত্রী তুলে এসব ইজিবাইক সাতমাথা-শেরপুর সড়ক হয়ে বনানী-সাতমাথা রুটে দাপিয়ে বেড়াচ্ছে।

অন্যদিকে সাতমাথায় ট্রাফিক পুলিশের অস্থায়ী কার্যালয় ঘেঁষে শেরপুর সড়কে সাতমাথা-বনানী, সাতমাথা-বাগবাড়ি, সাতমাথা-ধুনট, সাতমাথা-বিব্লক মাঝিড়া রুটে অবাধে চলাচল করছে রেজিস্ট্রেশনবিহীন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া ট্রাফিক পুলিশ বক্স ঘেঁষে পার্ক রোড ও স্টেশন রোডে অবাধে চলাচল করছে সাতমাথা-শাকপালা, সাতমাথা-রানীরহাট, সাতমাথা-নন্দীগ্রাম, সাতমাথা-তিনমাথা, সাতমাথা-চারমাথা, সাতমাথা-কাহালু, সাতমাথা-মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন রুটের রেজিস্টেশনবিহীন অটোরিকশা।

 ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করে বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকে এই ঘোষণা কার্যত ‘লোক দেখানো’। গতকাল ছুটির দিনেও ঈদের বাজার করতে আসা লোকজনকে যানজটে ভোগান্তি পোহাতে হয়। যানজট নিরসনে ছিল না ট্রাফিক পুলিশের তৎপরতা।

গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহর ঘুরে দেখা গেছে, শহরের সাতমাথা ও সাতমাথাকেন্দ্রিক সব সড়কে ছিল ভয়াবহ যানজট। এ ছাড়া কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড় থেকে দত্তবাড়ি, চকযাদু সড়ক, সাতমাথা-স্টেশন সড়ক, শেরপুর সড়কের সাতানীবাড়ি-ঘোড়াপট্টি মোড়, ইয়াকুবিয়া মোড় থেকে মফিজ পাগলার মোড়, ইয়াকুবিয়া মোড় থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত শহীদ আবদুল জোব্বার সড়কের পুরোটা, কালীবাড়ি মোড় থেকে জজ কোর্ট পর্যন্ত রোমেনা আফাজ সড়ক, রোমেনা আফাজ সড়ক থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ সড়ক, সার্কিট হাউস মোড় থেকে ফতেহ আলী বাজার মোড় পর্যন্ত নওয়াববাড়ি সড়ক, ফতেহ আলী বাজার মোড় থেকে থানা মোড়-কাঁঠালতলা সড়ক, কাঁঠালতলা থেকে বড়গোলা সড়ক, বড়গোলা থেকে নামাজগড় সড়ক, দত্তবাড়ি মোড় থেকে করনেশন ইনস্টিটিউট সড়ক, মেরিনা সড়ক, টেম্পল সড়ক, গালাপট্টি সড়কসহ সব সড়কেই ছিল দিনভর যানজট। এসব সড়কে যানজট নিয়ন্ত্রণে ছিল না ট্রাফিক পুলিশের তেমন তৎপরতা।

শহরের অন্তত ১০ জন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ঈদের বাজার করতে আসা লোকজনকে যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে। যানজটের কারণ সড়কে যত্রতত্র থ্রি-হুইলার ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা। এ ছাড়া ফুটপাত ভাড়া দিয়ে পুলিশের অর্থবাণিজ্য, চাঁদার বিনিময়ে শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচলের সুযোগ করে দেওয়া এবং মার্কেট ও শপিং সেন্টারগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকা।

পৌরসভা ও বিআরটিএ সূত্রে জানা যায়, বগুড়া শহরে বৈধ রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা রয়েছে প্রায় ১০ হাজার। অথচ শহরে অবৈধ রিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (মোটরযান ও ট্রাফিক) বিকর্ণ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ইজিবাইক অবৈধ হলেও তা খুব একটা সমস্যা করছে না। রেজিস্ট্রেশনবিহীন থ্রি-হুইলারও খুব একটা সমস্যা নয়। সমস্যা যত ব্যাটারিচালিত অটোরিকশা। এ ছাড়া শহরের ভেতর দিয়ে রেললাইন হওয়ায় ট্রেন আসার কারণে প্রধান সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকাতেও যানজট তৈরি হচ্ছে।