ছুটির দিনের অন্য রকম মতিঝিল

এ যেন অচেনা এক মতিঝিল। নেই চিরচেনা যানজট, মানুষের ভিড়। ব্যস্ত মতিঝিল অফিসপাড়া অনেকটা নিরিবিলি। চারদিকে নেই বায়ুদূষণ, শব্দদূষণের কোলাহল। গতকাল শনিবার দুপুরের মতিঝিলকে এ রকমই দেখা গেল।
এত ‘নেই’-এর মাঝে একটি ‘আছে’—হকারদের অবাধ অবস্থান। ফুটপাত শুধু নয়, রাজপথেও। রাজধানীর কিছু এলাকার মতো শুক্র ও শনিবার মতিঝিলেও বসে হলিডে মার্কেট। সপ্তাহের বাকি দিনগুলোয় ফুটপাত ও রাজপথ দখল করে বসা হকারদের মধ্যে ‘উঠিয়ে দেওয়ার’ আতঙ্ক থাকে। শুক্রবার হলিডে মার্কেটের কারণে তা দেখা গেল না।
আমেরিকান লাইফ ইনস্যুরেন্সের (আলিকো) সামনের ফুটপাত থেকে মাঝের রাস্তা ছাড়িয়ে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত। হকার আর হকার। কী নেই এখানে! স্যান্ডেল, জুতা, টি-শার্ট, শার্ট, জিনস ও গ্যাবার্ডিনের প্যান্ট, মেয়েদের মাথার ক্লিপ থেকে শুরু করে ছুরি-কাঁচিসহ হরেক পণ্যের বিচিত্র সমারোহ। তবে অন্যদিনের তুলনায় ক্রেতা খুব কম। সে জন্য দামও বুঝি কম। একজন বিক্রেতা টি-শার্টের দাম চাইলেন ২০০ টাকা। ক্রেতা বললেন, ১০০ টাকা। দেড় শ টাকায় রফা। বিক্রেতা বললেন, ‘বেচাবিক্রি নাই, সস্তায় দিয়া দিলাম।’ সোনালী ব্যাংকের সামনে প্রতিদিন সারিবদ্ধভাবে অসংখ্য বাস দাঁড়িয়ে থাকে। গতকালও কিছু বাস ছিল, তবে যাত্রীশূন্য। যথেচ্ছভাবে বাস দাঁড়িয়ে রাখায় মোটরসাইকেল যাওয়ার মতো রাস্তাও খালি থাকছে না। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আলী আকবর। কিন্তু কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না উপস্থিত বাসচালক বা সহকারীদের মধ্যে।
খোলা রেস্তোরাঁর গ্রাহক কম: মতিঝিল টয়োটা বিল্ডিংয়ের বিপরীতে প্রতিদিনের ব্যস্ত হোটেল ‘হোটেল ডি বাদশা’। গতকাল দেখা গেল, ক্রেতা অন্যদিনের চেয়ে অনেক কম। মালিক তানভীর রানা বললেন, শুক্রবারের অফিসপাড়া এ রকমই থাকে। অন্যদিনের তুলনায় তিন ভাগের এক ভাগও আয় হয় না। তারপরও নিয়ম অনুযায়ী খোলা হয়। বাংলাদেশ ব্যাংকের কাছে হীরাঝিল হোটেল। ভিড় নেই। ব্যবস্থাপনার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বললেন, সপ্তাহের ছয় দিন, বিশেষ করে রবি থেকে বৃহস্পতিবার দুপুরে ক্রেতাদের দাঁড়ানোর জায়গাও থাকে না। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ক্রেতাদের। কিন্তু শুক্র ও শনিবার ব্যতিক্রম। এদিনে বিভিন্ন পরিবার আসে দুপুরের খাবার খেতে।
অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে দিলকুশা যাওয়ার রাস্তাটি সরগরম ছিল। তবে যানবাহন বা পথচারীদের চলাচলের জন্য নয়। সেখানে মনের আনন্দে ক্রিকেট খেলছিল একদল পথশিশু। তাদের এক ব্যাটসম্যান বলছে, ‘ইটা মারা বল মারস ক্যান, ফাউল অইব।’ জবাবে বোলার বলল, ‘তুই কি আমপিয়ার অইছস?’