ছুটির দিনের শনিবার উল্টো রূপে
শনিবার সাপ্তাহিক ছুটি। রাস্তাঘাট থাকবে ফাঁকা—এটাই তো স্বাভাবিক। রাজধানীর মতিঝিলে একটু কাজ আছে। আস্তে-সুস্থে গেলেই চলবে। কিন্তু বাস্তবতা ঘুরে গেছে। সকাল সাড়ে নয়টার দিকে ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটের বাসা থেকে বেরিয়ে ফোল্ডার স্ট্রিটে আসতেই চোখ কপালে উঠল সদ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অনন্ত বিশ্বাসের। রাস্তাজুড়ে গাড়ি আর গাড়ি। যান্ত্রিক, অযান্ত্রিক। হাঁটাই কষ্ট।
শনিবার ছুটির দিনেও এমন অবস্থা কেন? এক প্রতিবেশী তাঁকে যানবাহনের ভিড়ের কারণটি বুঝিয়ে দিতেই তিনি খানিকটা লজ্জা পেলেন যেন। এই প্রতিবেদককে তিনি তেমনটাই বললেন।
ঈদুল আজহার ছুটির সঙ্গে বাড়তি এক দিন যোগ করার কারণে গতকাল শনিবারের ছুটিকে করা হয়েছিল কর্মদিবস। আর কর্মদিবসের পুরো বৈশিষ্ট্যই ছিল রাজধানীজুড়ে। বিশেষ করে যানজট।
দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডটি ছুটির দিনে একেবারেই ফাঁকা থাকে। কিন্তু গতকাল সকাল পৌনে ১০টার দিকে সেখানে গাড়ির লম্বা সারি। তার করণ হলো, সায়েদাবাদ থেকে হাটখোলা, জয়কালী মন্দির রোড হয়ে মতিঝিল প্রধান সড়কে আসা অসম্ভব। সায়েদাবাদের বাস আসছে গোলাপবাগ, মানিকনগর হয়ে এই পথে। সঙ্গে আর কে মিশন রোডের মানুষ ও গাড়ি। অনেক রিকশাও বেছে নিয়েছিল এই সহজ পথ। অবস্থা বেগতিক—কোনো সড়কই ফাঁকা নেই। এক রিকশাচালক আরেক রিকশাচালককে গলা বাড়িয়ে বলছেন, ‘আইজ ছুটি না, ভাড়া বাড়াইয়া ল।’
সকাল ১০টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মিরপুরের একটি বাসে চড়ে বসলেন জসীমউদ্দীন রোডের বাসিন্দা পারভেজ মাহমুদ। মেয়ের বাড়ি যাবেন, সঙ্গে টিফিন ক্যারিয়ারভর্তি খাবার। মেয়ের জন্য দিয়েছেন মা। পুলিশ তাড়া দিচ্ছে, রাস্তায় বাস রাখা যাবে না। কিন্তু বাস তো এগোয় না। দৈনিক বাংলার মোড়ে আসতেই সময় লাগল ১৫ মিনিট। সেখানে এসেও বাস যে আর চলে না! একবার, দুবার করে চার-চারবার সবুজ বাতি জ্বলে উঠল; কিন্তু ট্রাফিক পুলিশের সদস্য নড়লেন না। সড়কের মাঝখানে তিনি দাঁড়িয়েই থাকছেন। প্রায় আধা ঘণ্টা পর আটকে থাকা বাস ও অন্য যান চলার অনুমতি পেল। প্রেসক্লাব পর্যন্ত আসতে আরও ২০ মিনিট। সেখানে চাকরিচ্যুত কর্মচারীদের মানববন্ধন। মানববন্ধনকে পাশ কাটিয়ে হাইকোর্ট, মৎস্য ভবন ছাড়িয়ে শিশুপার্ক। না, আর এগোচ্ছে না। দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা—দিনভরই যানজটে ঠাসা ছিল গতকাল ‘ছুটির দিনের’ ঢাকা নগর।