ছুটি-বোনাসের দাবিতে শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শ্রমিক।এ সময় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানা ছুটি ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল বেতনের সমান ঈদ বোনাস, অর্জিত ছুটির (আর্ন লিভ) টাকা ও হাজিরা বোনাসের দাবিতে তাঁরা গতকাল সকাল আটটার দিকে বিক্ষোভ করেন। কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, দুই বছর ধরে তাঁরা অর্জিত ছুটি বা এর বিপরীতে টাকা ও হাজিরা বোনাসের দাবি করে আসছেন।এই দুই দাবি ছাড়াও চাকরির বয়স তিন মাস হলে ঈদ বোনাস দেওয়ার দাবিতে সোমবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করেন তাঁরা। গতকালও তাঁরা একই দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন জানান, মূল বেতনের সমান ঈদ বোনাস ও আর্ন লিভের টাকার দাবিতে কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহ কামাল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে শ্রমিকদের অর্জিত ছুটি ও তিন মাস ধরে হাজিরা বোনাস দেওয়া হচ্ছে। শ্রমিকেরা আগের অর্জিত ছুটি ও হাজিরা বোনাসকে বকেয়া হিসেবে উল্লেখ করে আন্দোলন করছেন।শ্রমিকদের তিন হাজার টাকা ঈদ বোনাস দেওয়া হয়।মূল বেতনের সমান ঈদ বোনাস দাবির বিষয়টি বিবেচনায় রয়েছে।