
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলেবেলায় হাত দেখানো অভ্যাস ছিল। একবার এক জ্যোতিষী তাঁকে বলেছিলেন যে তাঁর হাতে কোনো নৌরেখা নেই। অর্থাৎ তাঁর বিদেশ ভ্রমণের ভাগ্য অনিশ্চিত। স্বভাবতই জ্যোতিষীর কাছ থেকে এমন কথা শুনে মন খারাপ হয়ে যায় তাঁর। একপর্যায়ে ছুরি দিয়ে নিজেই নিজের হাতে রেখা কেটেছিলেন তিনি।
এদিকে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকায় সহপাঠীরা খুব যন্ত্রণা দিতেন মুহিতকে। তাঁর জামায় কালি লাগিয়ে দেওয়া, পরনের জুতা লুকিয়ে রেখে নানাভাবে বিরক্ত করতেন তাঁকে। তাই একসময় তিনি জুতা না পরেই স্কুলে আসার সিদ্ধান্ত নিলেন।
অর্থমন্ত্রীর আত্মজীবনীমূলক গ্রন্থ সোনালি দিনগুলি নামের বইটিতে ১৯৩৪ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তাঁর শৈশব, কৈশোর ও ছাত্রজীবনের এ রকম নানা স্মৃতি উঠে এসেছে। একই সঙ্গে তিনি সেখানে তুলে ধরেছেন সেই সময়ের দেশ-রাজনীতির নানা প্রসঙ্গও।
গতকাল শুক্রবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে শিক্ষা-শিল্প-সাহিত্য-রাজনীতি-অর্থনীতিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থনীতিবিদ রেহমান সোবহান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, লেখকের স্কুলজীবনের বন্ধু নাসির এ চৌধুরী, কাজী খলীকুজ্জমান আহমদ, চিত্রশিল্পী হাশেম খান ও চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
বইটির ওপর আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ড. এনামুল হক, ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান ও সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এর ফাঁকে ফাঁকে চলে বইটির উল্লেখযোগ্য অংশ থেকে পাঠ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিলনায়তনভর্তি দর্শকে অভিভূত অর্থমন্ত্রী পরবর্তী সময়ে দুই খণ্ডে তাঁর আমলাজীবন ও রাজনৈতিক জীবন নিয়ে আরও দুটি আত্মজীবনী রচনার ঘোষণা দেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘উনি (অর্থমন্ত্রী) যদি ওনার জীবদ্দশায় আত্মজীবনীর পরবর্তী খণ্ড দুটি লিখে যেতে পারেন, তাহলে আমিও সেটা পড়ার জন্য বেঁচে থাকব।’
আনিসুজ্জামান বলেন, ‘তাঁর (অর্থমন্ত্রী) ছাত্রজীবনের অসংখ্য ঘটনার বর্ণনা বইটিতে আছে। এতে তখনকার পরিবেশের একটা পরিচয় পাওয়া যাবে। পাকিস্তানের রাজনৈতিক যে পরিবর্তন তার পরিচয় পাওয়া যাবে। এমনকি অনেক আন্তর্জাতিক ঘটনার পরিচয় পাওয়া যাবে। মুহিত সাহেবের স্মৃতিশক্তি প্রখর।’