ছুরি নিয়ে ধাওয়া, একজনকে খুন, চারজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি গরু জবাইয়ের বড় ছুরি নিয়ে এলোপাতাড়ি আঘাত করে পাঁচজনকে জখম করেন। এতে ঘটনাস্থলেই নূর ইসলাম (৬৩) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়। নিহত নূর ইসলাম ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন নাজমা (১৮), আমান (৩৫), আবদুর রহমান (৪০) ও আমজাদ আলী (২২)। নূর ইসলাম ও নাজমা পাগাড় এলাকার জাবের জোবায়ের পোশাক কারখানার শ্রমিক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর পাগাড় সোনারগাঁও এলাকার সাহাদাত (৪৫) বাড়ি থেকে একটি গরু জবাইয়ের ছুরি নিয়ে বের হন। প্রথমেই তিনি আঘাত করেন প্রতিবেশী পোশাকশ্রমিক নাজমাকে। এরপর তাড়া করে আমান নামের এক ব্যক্তির পেটে ছুরি ঢুকিয়ে দেন। পরে পোশাকশ্রমিক নূর ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেখান থেকে দৌড়ে পথচারী আবদুর রহমান ও আমজাদ আলীকে ছুরি দিয়ে আঘাত করেন সাহাদাত। এর পরও তিনি ছুরি নিয়ে ছুটতে থাকেন। একপর্যায়ে লোকজন চারদিক থেকে ঘেরাও করে সাহাদাতকে আটক করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তাঁকে ধরে থানায় নিয়ে যান।ঘটনার পর স্থানীয় লোকজন আহত চারজনকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন গতকাল রাতে বলেন, সাহাদাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি কেন এ ঘটনা ঘটিয়েছেন তা জানার চেষ্টা চলছে।