ছুরি মেরে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলায় করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ছুরিকাঘাত করে চলন্ত গাড়ি থেকে ছুুড়ে ফেলে দেওয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর বেড়িবাঁধের অদূরে একটি মাইক্রোবাসের যাত্রীবেশী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।পুলিশ পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গাড়িটি পালিয়ে যাওয়ার সময় আটকাতে গিয়ে পা ভেঙেছে এক পুলিশ সদস্যের।গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল নীল জিন্স ও চেক হাফশার্ট। ওই সন্দেহভাজন ছিনতাইকারীদের খপ্পরে পড়েও বেঁচে গেছেন গোলাম জাকারিয়া নামের এক এনজিওকর্মী। তবে তাঁকেও গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া জাকারিয়া জানান, সকালে মোহাম্মদপুর যাওয়ার জন্য তিনি আবদুল্লাহপুরের রাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি টয়োটা মাইক্রোবাস এসে সামনে দাঁড়ায়। এর চালক তাঁকে বলেন, গাড়িটি মিরপুর ১ নম্বর পর্যন্ত যাবে। দুজন যাত্রী লাগবে। জাকারিয়া ২৫ টাকা ভাড়ায় ওই গাড়িতে ওঠেন। তাঁর পেছনে নাম না জানা লোকটিও (পরে নিহত) ওঠেন। গাড়িটিতে আরও চার-পাঁচজন যুবক বসা ছিলেন। জাকারিয়া বলেন, গাড়ি চলতে শুরু করার পর ওই যুবকেরা তাঁদের দুজনকে বেঁধে ফেলেন। জাকারিয়া সঙ্গে থাকা ৮৫০ টাকা আর মুঠোফোন যুবকদের দিয়ে মিনতি করলে তাঁকে কামারপাড়া এলাকায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।জাকারিয়া জানান, গাড়িটি তখনই আবার ঘুরে উল্টোপথে চলে যায়। তাঁর সঙ্গে ওঠা লোকটি তখনো গাড়িতেই ছিল। জাকারিয়া কামারপাড়া এলাকার পুলিশের একটি তল্লাশি চৌকিতে গিয়ে বিষয়টি জানান। তারা বেতারে খবর দিলে গাড়িটি আটকের চেষ্টা করে তুরাগ থানার পুলিশ। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল কবীর জানান, খবর পেয়ে পুলিশ রাস্তার ওপর কাভার্ড ভ্যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু মাইক্রোবাসটি ফাঁক গলে বেরিয়ে যায়। এ সময় কনস্টেবল আবদুল লতিফের পায়ের ওপর দিয়ে গাড়িটির চাকা চলে গেলে তাঁর গোড়ালি ভেঙে যায়।পুলিশ জানায়, এরপর কিছু দূর গিয়ে বিরুলিয়ায় গাড়ি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ গাড়িটি উদ্ধার করার সময় স্থানীয় লোকজন জানান, অদূরেই একজনকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে আহত লোকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর শরীরে ছুরির আঘাত ছিল।