ছুরি মেরে পালাল বখাটে
চার বছর আগে মুঠোফোনে পরিচয়। এরপর একসঙ্গে বসবাস। হঠাৎ ছেলেটির আচরণ বদলে যায়। তরুণী জানতে পারে ছেলেটি বখাটে, তার স্ত্রী-সন্তান রয়েছে। ছেলেটি প্রায়ই তরুণীর ওপর নির্যাতন চালাতেন। গত শনিবার সন্ধ্যায় ওই বখাটে তরুণীর দুই গালে ছুরিকাঘাত করে। কুমিল্লার বরুড়া উপজেলার পেরুল গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।জানা গেছে, ২০০৬ সালের ডিসেম্বরে উপজেলার আনাসকোটা গ্রামের ওই তরুণীর (২৫) সঙ্গে পেরুল গ্রামের আমান উল্লাহর ছেলে এনায়েত উল্লাহর সম্পর্ক গড়ে ওঠে। এর পর থেকে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই তরুণীকে নির্যাতন শুরু করেন এনায়েত উল্লাহ। নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় ছয় মাস আগে ওই তরুণী তাঁর বাবার বাড়িতে চলে যান। সম্প্রতি চাঁদপুরের কচুয়া উপজেলার এক ছেলের সঙ্গে তাঁর বিয়ের কথা হচ্ছিল। এ খবর শুনে এনায়েত ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত শনিবার সন্ধ্যায় পেরুল গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় এনায়েত ছুরি দিয়ে তাঁর (তরুণী) দুই গালে আঘাত করে। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর এনায়েত উল্লাহ গা-ঢাকা দিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন তরুণী বলেন, ‘এনায়েত আমাকে বিয়ে করেছিল। ওর প্রথম স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানার পর আমাকে সিগারেটের ছেঁকাসহ নানাভাবে নির্যাতন করত। এখন আমার বিয়ের কথা হচ্ছে—এ খবর শুনে সে আমার দুই গালে ছুরি মারে।’বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমির সুলতানা বলেন, ‘ছয় মাস আগে মেয়েটিকে নির্যাতনের অভিযোগে সালিসে এনায়েতকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসানাত ভুঁইয়া জানান, মেয়েটির মুখমণ্ডলের দুই পাশে জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।