ছুরিকাঘাত, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীতে ৩ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার ছুরিকাঘাত, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর কমলাপুরে গতকাল রাতে কাওসার (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কমলাপুর স্টেডিয়ামের পাশের রাস্তায় অজ্ঞাত সন্ত্রাসীরা কাওসারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় আশিক ইবনে রফিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গুলশান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় তিনি থাকতেন। পথে বিমানবন্দর গোলচত্বরের কাছে অনন্যা পরিবহনের একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আশিক। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন উজ্জ্বল নামে এক নির্মাণশ্রমিক (২২)। তাঁর বাবার নাম আজিজ উদ্দিন। গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।