ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী চল্লিশ কোয়ার্টার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে পারেনি পুলিশ। আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নগরের ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে জানান, চল্লিশ কোয়ার্টার এলাকায় জান্নাত পোলট্রি ফার্মের মালিক দেলোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে অদূরে তাঁর দোকানে যান। সেখানে হিসাব-নিকাশ সেরে সিটি ব্যাংক পাহাড়তলী শাখায় টাকা জমা দিতে হেঁটে যাচ্ছিলেন হাতে একটি থলে নিয়ে। ওই থলেতে ছিল ২০ লাখ টাকা। আগে থেকে ওত পেতে থাকা তিন যুবক এ সময় দেলোয়ারের পথরোধ করে হাতে থাকা থলেটি কেড়ে নিতে চায়। এ সময় বাধা দিলে যুবকেরা ব্যবসায়ীর ঊরুর নিচে ছুরিকাঘাত করে। পরে টাকাভর্তি থলেটি নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।