ছুরিকাঘাতে আ.লীগের সাবেক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আওয়ামী লীগের সাবেক এক নেতা খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে চরভাবনা গ্রামের ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
খুন হওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম (৫০)। তাঁর বাড়ি চরভাবনা গ্রামে। তিনি চরঅষ্টধর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চরভাবনা গ্রামে খোরশেদ আলমের মেয়ে মিনা বেগমের মুদি দোকান আছে। এখান থেকে পাশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামের ময়না মিয়া (২৫) বাকিতে সওদা কিনতেন। ময়নার কাছে মিনা বেগমের ১৮০ টাকা পাওনা ছিল। গতকাল সকালে ময়নার কাছে মিনা পাওনা টাকা চাইলে বাগ্বিতণ্ডা হয়। এরপর ময়না দোকান থেকে চলে যান। সকাল ১০টার দিকে মেয়ে মিনার দোকানে যাওয়ার পথে চরভাবনা ঈদগাহ মাঠের কাছের সড়কে খোরশেদ আলমের বুকে ময়না মিয়া ধারালো ছুরি ঢুকিয়ে দেন। ময়না দ্রুত পালিয়ে যান। আশপাশের লোকজন খোরশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনের কথা উল্লেখ করে নকলা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, এ ঘটনায় ময়না মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নিহত ব্যক্তির ছেলে মো. হুমায়ুন মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালালেও গা-ঢাকা দেওয়ায় কাউকে ধরা যায়নি। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।