শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল এক ছাত্রের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতাসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন ওই বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দৌলা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌতম দাস এবং কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র তানভীর আহমেদ ও আরাফাত হোসেন। এ ঘটনায় জড়িত কৃষি অনুষদের চতুর্থ লেভেলের ছাত্র কাওসারকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মিজানুর রহমান বলেন, কৃষি অনুষদের একটি পরীক্ষাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ২০ জুন কৃষি অনুষদের চতুর্থ লেভেলের সিটি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাওসার ফেসবুকে পরীক্ষার পক্ষে স্ট্যাটাস দেন। আর ফেসবুকে অন্য এক ছাত্রী পরীক্ষার বিরোধিতা করেন। এ নিয়ে দুজনের মধ্যে ফেসবুকে বাদানুবাদ হয়। পরে আহত তানভীর (ওই ছাত্রীর বন্ধু) কাওসারকে মুঠোফোনে শাসান। গতকাল দুপুরে কাওসার সিরাজউদ্দৌলা হলে আসেন। এ সময় তানভীরসহ আহত অন্যদের কাউসারের সঙ্গে উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কাওসার ছুরি দিয়ে গৌতম, তানভীর ও আরাফাতকে আঘাত করেন।