ছুরিকাঘাতে আহত ইউপি সদস্যের মৃত্যু
রংপুরের পীরগাছা উপজেলার ছোট হায়াত খাঁ গ্রামে ছুরিকাঘাতে আহত আমজাদ হোসেন (৫৫) মারা গেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। জমি নিয়ে বিরোধের জের ধরে ১২ এপ্রিল সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আমজাদ হোসেনের (৫৫) সঙ্গে প্রতিবেশী রজব আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ১২ এপ্রিল আমজাদের একটি ছাগল রজবের ভুট্টার গাছ খেয়ে ফেলে। এ নিয়ে আমজাদ ও রজবের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে আবারও দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরুর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমজাদসহ চারজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমজাদ গত মঙ্গলবার রাতে হাসপাতালে মারা যান। পীরগাছা থানার এসআই আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নয়জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।