ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার অশোক জমাদ্দার (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন অশোকের ছোট ভাই দিলীপ জমাদ্দার। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের বড় মসজিদসংলগ্ন রজনীগন্ধা বিপণিবিতানের গণশৌচাগারের সামনে রাজেশ্যাম জমাদ্দার নামের এক সুইপার সর্দার অশোককে ছুরিকাঘাত করেন। মসজিদের উত্তর পাশের শৌচাগারের সামনে দায়িত্বরত অবস্থায় আরেক সুইপার দিলীপকেও রাজেশ্যাম ছুরিকাঘাত করেন। তাঁকে ধরতে গিয়ে এক পথচারীও গুরুতর আহত হন। পরে এলাকাবাসী অশোক ও দিলীপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অশোক মারা যান। এ সময় রাজেশ্যামকে স্থানীয় লোকজন মারধর করে পুলিশে সোপর্দ করেন। রাজেশ্যাম অভিযোগ করেন, ‘সর্দার অশোক ও দিলীপ আমার বেতনের টাকা না দিয়ে তাঁরাই ভোগ করেন। আমাকে দিয়ে শুধু কাজ করান। আমি বিয়ে করেছি মাত্র এক বছর, আমাকে কোনো ছুটি দেন না। এ কারণে আমি ক্ষিপ্ত হয়ে তাঁদের আঘাত করেছি।’ হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন জানান, এ ঘটনায় রাজেশ্যামের বিরুদ্ধে নিহতের ভাই বিজয় হত্যা মামলা করেন।