নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম কান্দারগাঁও গ্রামে গতকাল সোমবার ছুরিকাঘাতে মোসলে উদ্দিন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এদিকে ‘আছাড়ে আহত’ হওয়ার তিন দিন পর ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মোসলে উদ্দিনের (৩৮) পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে মোসলে উদ্দিন বাড়ির নিচু জায়গা ভরাট করছিলেন। এতে তাঁর ছোট ভাই খলিল মিয়া (৩০) বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খলিল ধারালো অস্ত্র দিয়ে মোসলে উদ্দিনের গলায় আঘাত করেন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোসলে উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মোসলে উদ্দিনের আরেক ছোট ভাই আবদুল জলিল প্রথম আলোকে বলেন, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মোসলে উদ্দিন সবার বড়। ১৭ বছর আগে মোসলে উদ্দিন বিয়ে করেন। তাঁর কোনো সন্তান নেই। মেঘনা নদীতে ট্রলার চালিয়ে তিনি পুরো পরিবারের ভরণপোষণ করতেন। আর খলিল মাদকাসক্ত ও বেকার। মাদক সেবনে বিভিন্ন সময় মোসলে উদ্দিন বাধা দিতেন। এই ক্ষোভ থেকেই তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মোসলে উদ্দিনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস বলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামের আল ইসলাম উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের ভাড়াবাড়িতে থাকেন। তিনি গত শনিবার স্ত্রী গোলাপী বেগমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাঁদের ১০ মাসের ছেলে সোয়াইবকে মাথায় তুলে মাটিতে আছাড় দেন। পরে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে গতকাল সন্ধ্যায় সোয়াইব মারা যায়। এরপর লাশ দাফনের জন্য তার বাবা স্থানীয় দুর্গাপ্রসাদ কবরস্থানে নিয়ে যান। শিশুটির মা ও এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা আল ইসলামকে আটক করে।
শিশুটির মা গোলাপী বেগম বলেন, ‘আমার স্বামীর আঘাতের কারণেই ছেলের মৃত্যু হয়েছে।’
তবে আল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার শিশু সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিল। আমি তাকে কোনো আঘাত করিনি।’