ছুরিকাঘাতে গৃহবধূ খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে জোহরা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় জোহরার স্বামী তনু মিয়া (৫০) ও তাঁর মেয়ে সাহেদা আক্তার (১৭) আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের হানিফ মিয়ার সঙ্গে তাঁর ভাই তনু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে বিরোধের জের ধরে হানিফ মিয়া ও তাঁর দুই ছেলে জসিম উদ্দিন ও হালিম তনু মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে হানিফের ছেলেরা ছোরা নিয়ে তনু মিয়ার ঘরে ঢোকে। এ সময় চাচি জোহরা বেগম ও চাচাতো বোন সাহেদা আক্তার তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হানিফ ও তাঁর দুই ছেলে তনু মিয়াসহ তিনজনকে ছুরিকাঘাত করে।স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। দুপুর দেড়টার দিকে জোহরা বেগম মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হানিফ মিয়া ও তাঁর ছেলেরা পালিয়ে গেছেন।