ছুরিকাঘাতে চালক খুন অটোরিকশা উধাও
রাজধানীর মিরপুরে গত শুক্রবার রাতে শরীফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা খুন করার পর শরীফুলের অটোরিকশা নিয়ে গেছে। তবে এটা ছিনতাইয়ের ঘটনা, নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাফরুল থানার পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে মিরপুর ১৩ নম্বরে টিনশেড কলোনি এলাকার সড়ক থেকে শরীফুলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) প্রেম দাস বলেন, মিরপুর ৭ নম্বরের ৫ নম্বর সড়কে এক বাসায় থাকতেন শরীফুল। সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাত ১১টার দিকে ফিরতেন তিনি।
তিনি আরও বলেন, এ হত্যা ছিনতাইজনিত, নাকি পরিকল্পিত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভায়রা শফিকুল ইসলাম থানায় একটি হত্যা মামলা করেছেন।
শফিকুল প্রথম আলোকে বলেন, শরীফুলের স্ত্রী-সন্তান ঠাকুরগাঁওয়ের জামালপুরে থাকেন। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
লাশ উদ্ধার: এদিকে গতকাল সকালে রাজধানীর খিলক্ষেত থানার পিংক সিটি এলাকার এক বাসা থেকে সাইদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, কোনো কিছু পান করে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুই সন্তান ও স্ত্রী নিয়ে বাসায় থাকলেও ঘটনার সময় তাঁরা কেউ ছিলেন না। মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।