ছুরিকাঘাতে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবদুল্লাহ ওরফে কচি (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মদিনা মার্কেটসংলগ্ন ধোপাবাড়ি সেতুর পাশে তাঁকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আবদুল্লাহ মদিনা মার্কেট এলাকার একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মদিনা মার্কেট এলাকায় ইজিবাইক (টমটম) স্ট্যান্ড করা নিয়ে স্থানীয়দের মধ্যে দুটো পক্ষ তৈরি হয়। এ দুই পক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষের কয়েকজন আবদুল্লাহকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যান। অবচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই আবদুল্লাহ মারা যান।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোসুল হোসেন জানান, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি জানান, ইজিবাইক স্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে তিনিও জেনেছেন। এ ঘটনায় আবদুল্লাহর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।
আবদুল্লাহর ভাই আসাদুল হক জানান, ওই দিন বাসায় ইফতার করার পর তাঁর সঙ্গী কয়েকজন ডেকে নিয়ে যায়।
তিনি বলেন, ছুরিকাহত হওয়ার খবর পেয়ে হাসাপাতালে গিয়ে তিনি তাঁর ভাইয়ের লাশ দেখেন। যারা তাঁর ভাইকে বাসা থেকে ডেকে নিয়েছিল, হত্যাকাণ্ডে তাঁরা সংশ্লিষ্ট থাকতে পারেন বলে আসাদুল মনে করেন।