ছুরিকাঘাতে তাড়াশে সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে সংবাদ-এর স্থানীয় প্রতিনিধি সনাতন দাশকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল সড়কে সনাতন দাশের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে আরেক সাংবাদিক আহত হন। সনাতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই সড়কে ব্যক্তিগতভাবে নিজের কার্যালয় গড়ে তোলেন সনাতন দাশ। তিনি ওই কার্যালয়ে গতকাল সন্ধ্যায় কাজ করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় মানবজমিন পত্রিকার চলনবিল প্রতিনিধি জাহিদ হাসান তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক গতকাল রাতে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।