ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
আদালতে সাক্ষ্য দিতে জয়পুরহাট থেকে বগুড়া শহরে এসে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ কনস্টেবল রমজান আলী (৫০)। ধারালো অস্ত্র দিয়ে রমজানের শ্বাসনালি কেটে দিয়েছে তারা। তাঁর পেটেও ছুরিকাঘাত করা হয়েছে।
শহরের ফুলদীঘি এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে হোটেল সিয়েস্তার সামনে দুর্বৃত্তরা রমজানের ওপর এই হামলা করে। তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রমজান আলী বগুড়া সদর থানা থেকে সম্প্রতি জয়পুরহাট সদর থানায় বদলি হয়ে যান। বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, আদালতে সাক্ষ্য শেষে রমজান আলী হোটেল সিয়েস্তার সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে রমজানের স্বাসনালি কেটে দেয়। এ ছাড়া পেটেও ছুরিকাঘাত করে।