ছুরিকাঘাতে প্রাণ গেল চালকের
পটুয়াখালী সদর উপজেলার কালিচন্না গ্রামে যাত্রীবেশী এক ছিনতাইকারী এক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদুল মুন্সী (২৫) নামের এক যুবককে পুলিশ গতকাল রোববার আটক করেছে। নিহত ওই মোটরসাইকেল চালকের নাম ছালাম সিকদার (৩০)। তাঁর বাড়ি বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামে। আটক হওয়া আসাদুল দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আবদুল খালেক মুন্সির ছেলে।নিহতের বাবা বারেক সিকদার ও আমতলী থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ছালাম মোটরসাইকেল নিয়ে আমতলী বাসস্ট্যান্ডে যান। এ সময় যাত্রীবেশী এক ছিনতাইকারী পটুয়াখালীর সদর উপজেলার কালিচন্না গ্রামে যাওয়ার জন্য তাঁর মোটরসাইকেল ভাড়া করে। রাত আনুমানিক সাড়ে ১০টায় কালিচন্না গ্রামের চৌকিদার বাড়ির কাছের সড়কে পৌঁছালে ওই ছিনতাইকারী ছুরি দিয়ে সালামের পেট, হাত ও পায়ে আঘাত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ছালাম মারা যান।