ছুরিকাঘাতে বগুড়ায় তরুণ ও গাইবান্ধায় কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় গত শুক্রবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু রায়হান (৩০) নামের এক তরুণ খুন হয়েছেন। ওই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে নিহত ব্যক্তির লোকজন ওই হাসপাতালের সার্জারি বিভাগে হামলা চালায়। সেখানে তারা তিন চিকিৎসককে মারধর করে হাত-পা ভেঙে দেয়। রায়হান বগুড়া শহরের নাটাইপাড়ার বাবলু সরকারের ছেলে।এদিকে গাইবান্ধা শহরের রেলস্টেশনের কাছে বাইরবন্দ এলাকা থেকে গতকাল শনিবার সকালে শাহিন মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ। শাহিন গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ার জহুরুল হকের ছেলে। ছুরিকাঘাত করে তাকে হত্যার পর ওই স্থানে দুর্বৃত্তরা লাশ ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে।গাবতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে উপজেলার বাইগুনি গ্রামের সবুজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি হয়। ওই ঘটনায় গত বুধবার হাতিবান্ধা পূর্বপাড়া এলাকায় সালিস বৈঠকে চোরদের শনাক্ত করা হয় এবং শুক্রবারের মধ্যে মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার কথা বলা হয়। শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধারের জন্য বগুড়া শহর থেকে আবু রায়হানসহ সবুজের কয়েকজন বন্ধু ওই গ্রামে যান। দুপুরে তাঁরা হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামে পৌঁছালে ওত পেতে থাকা একদল লোক তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে আবু রায়হান ও সবুজকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। রায়হানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়।এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রায়হানের সহযোগীরা হাসপাতালের সার্জারি বিভাগে ভাঙচুর চালায়। সেখানে তারা কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে। হামলায় চিকিৎসক অসীম কুমার সাহার হাত ভেঙে যায়। এ ছাড়া সহকারী রেজিস্ট্রার মাসুদের হাত ও আবেদ আলীর পা ভেঙে যায়।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা করা হবে। বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে জরুরি সভা ডেকে তাঁরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানা ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শাহিন শহরের একটি চায়ের দোকানের কর্মচারী ছিল। সে শুক্রবার রাত নয়টার দিকে দোকান থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে পথচারীরা রেললাইনের পাশে শাহিনের লাশ পড়ে থাকতে দেখে বোনারপাড়া জিআরপি থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।