ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
চট্টগ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গতকাল বুধবার ভোরে সাহাবউদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মারা যান।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসবাব ব্যবসায়ী সাহাবউদ্দিন নগরের বাকলিয়ার ডিসি রোডে বাস করতেন। ফজরের নামাজ পড়ে বাসা থেকে তিনি বেরিয়ে যান। সাহাবউদ্দিনের ছেলে মোহাম্মদ ইশতিয়াক প্রথম আলোকে বলেন, ফয়’স লেক এলাকায় নিজের জমি দেখতে তাঁর বাবা বাসা থেকে বের হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে ফোন করে জানানো হয়, তিনি ছুরিকাহত হয়েছেন। তাঁর রক্তের প্রয়োজন। ইশতিয়াক জানান, তিনি হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে রক্ত নেওয়া শুরু করেন। রক্ত সংগ্রহ শেষ হওয়ার আগেই তাঁর বাবা মারা যান। তবে কারা ঘটনা ঘটাতে পারে, তা তিনি বলতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ভোরে একজন রিকশাচালক সাহাবউদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে রেখে চলে যান। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ফয়’স লেকের জালালাবাদে সাহাবউদ্দিনের কিছু জমি আছে। ওই জমি দেখতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁর মাথা, গলা, মুখ ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বলে তাঁরা ধারণা করছেন। তিনি বলেন, প্রবর্তক মোড়ের বদনা শাহ মাজার কিংবা গরীবুল্লাহ মাজারের কাছে সাহাবউদ্দিনকে ছুরিকাঘাত করা হতে পারে।