ছুরিকাঘাতে মা খুন বাবা গুরুতর আহত
গাইবান্ধা শহরের মুন্সিপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে ছেলের ছুরিকাঘাতে মা ডলি বেগম (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আহত বাবা আখতার আমিনকে গুরুতর অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার ব্যবসায়ী আখতার আমিনের ছেলে ইমতিয়াজ ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র। তাঁর সঙ্গে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে মা-বাবা বাধা দিলে ইমতিয়াজ ক্ষিপ্ত হন। এর জের ধরে শুক্রবার ভোরে শয়নকক্ষে ঢুকে ইমতিয়াজ বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। ডলি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে ইমতিয়াজের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ডলি বেগমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ইমতিয়াজকে আটক করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আখতার আমিন বলেন, ‘সেই আমার একমাত্র ছেলে। সে ভুল পথে যাবে, সেটা আমি চাইনি। তাই ওকে শাসিয়েছিলাম। কিন্তু ছেলে হয়ে আমাকে মারবে, মাকে খুন করবে, এমনটা ভাবিনি।’ এ ঘটনায় আখতার আমিন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় ইমতিয়াজকে আসামি করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।