ছুরিকাঘাতে যুবক খুন, নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ নয়ন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। এ ছাড়া রূপনগর থানা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে তেজগাঁও থানার উত্তরে একটি গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নয়ন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে রূপনগর থানার এসআই নূরুজ্জামান বলেন, বিকেল পাঁচটার দিকে রূপনগর থানা এলাকার ১৬ নম্বর সড়কের একটি জলাশয় থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স আনুমানিক এক দিন। তার গলার নিচে ও বুকে কালো দাগ রয়েছে।