ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চকবাজার থানার বউবাজার বগারবিল এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. আওলাদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী।
পুলিশ সূত্র জানায়, বগারবিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আওলাদ। রাতে স্থানীয় দোকানে মশার কয়েল কেনা নিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওই দুজনের মধ্যে হাতাহাতি হয়। আওলাদ ঝগড়া থামাতে গেলে তিনি মারধরের শিকার হন। এ সময় বিবাদে জড়িত এক ব্যক্তি তাঁকে বেদম মারধর করে বুকে ছুরিকাঘাত করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দুজনের ঝগড়া থামাতে গিয়ে আওলাদ খুন হন।