ছুরিকাঘাতে যুবক খুন, স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সুজন (৩০) নামের এক যুবককে বাসায় ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গত বুধবার রাতে নগরের কোতোয়ালি রেলওয়ে সিআরবি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুজনের স্ত্রী সুফিয়া বেগমকে (২২) আটক করেছে পুলিশ। নিহত যুবকের স্বজনদের দাবি, স্ত্রীই খুন করেছেন সুজনকে। তিনি নগরে ভ্যানগাড়ি চালাতেন। সুজন সিলেটের মৌলভীবাজারের নূর ইসলামের ছেলে।
নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান প্রথম আলোকে জানান, জামতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন সুজন ও তাঁর স্ত্রী। দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়। এটি সুজনের দ্বিতীয় বিয়ে। বুধবার রাতে আশপাশের লোকজন সুজনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলছেন না তিনি। নিহত সুজনের নাভির ওপরে ও নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।