ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আলাউদ্দিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহ আহমেদ নামের (২৭) একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আলাউদ্দিন কুমিল্লার মুরাদনগরের আবুল হোসেনের ছেলে। তিনি কমিউনিটি সেন্টারে পরিচারকের কাজ করতেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, কমিউনিটি সেন্টারে গায়েহলুদের অনুষ্ঠানের কাজ শেষ করে আলাউদ্দিন নগরের তক্তারপুল এলাকার ফয়সাল কলোনির বাসায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।