ছুরিকাঘাতে শিক্ষকসহ দুজন খুন
বগুড়ায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মজিদ (২৮) ও আবদুল্লাহ আল বাকী (৩২) নামের দুজন খুন হয়েছেন। ছুরিকাঘাতে মজিদের সঙ্গী সোহাগ হোসেন (২৬) নামের আরেক তরুণ আহত হয়েছেন।
আবদুল মজিদ বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মুকুল হোসেনের ছেলে। আবদুল্লাহ আল বাকী বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার পদার্থবিজ্ঞানের শিক্ষক।
এ ছাড়া, বাকী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার নামুজা এলাকায়।
পুলিশ জানায়, শহরের সেউজগাড়ী আমতলা এলাকায় গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মজিদ এবং রাত আটটার দিকে শহরের সাতমাথায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাকীর ওপর হামলার এ ঘটনা ঘটে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান জানান, সেউজগাড়ী আমতলা এলাকায় মজিদ ও তাঁর সঙ্গী সোহাগকে ছুরিকাঘাত করা হয়।
তবে কারা, কেন এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শহরের সাতমাথা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাকীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।
সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।