ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
নরসিংদীর সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে জসিম মিয়া (১৬) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জসিম ঘোড়াদিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। হত্যার ঘটনার পর নিহতের স্বজনরা অভিযুক্ত আয়েছ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে বাসার অদূরে জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জসিমের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জসিমের চাচা হাসেন মিয়া বলেন, ‘স্থানীয় রফিকুল, বরকত, সুমন, শরীফ, আয়েছ আলী বখাটে ও মাদক ব্যবসায়ী। তাঁরাই আমার ভাতিজারে বাড়ি থেইকা ডাইকা নিয়ে মাইরা ফালাইছে।’
হত্যার প্রতিবাদে নিহতের স্বজন ও বন্ধুরা আয়েছ আলীর বািড়তে অগ্নিসংযোগ করে। ওই সময় পাশ্ববর্তী হাসিম মিয়া ও ওয়াইজ্জা মিয়ার আরও চারিট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার দত্ত বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।