ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত, গ্রেপ্তার ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া গ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা গত মঙ্গলবার রাতে পাঁচজনকে আসামি করে এই মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন উপজেলার ডাকুরপাড় গ্রামের রিকশাচালক আবুল কালাম (২৫), চেঙ্গুরিয়া গ্রামের মো. মনজু (২০), সেলিম (২০), শ্রীবরদী উপজেলার শৈলারপাড় গ্রামের রাজু (২০) ও একই গ্রামের সোহেল (১৯)। পুলিশ রাজুকে গ্রেপ্তার করেছে। সোহেলকে না পেয়ে তাঁর বাবা বাচ্চু মিয়াকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বিকেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করে, প্রতিবেশী চেঙ্গুরিয়া গ্রামের রিকশাচালক আবুল কালামকে সে চাচা বলে ডাকত। কিন্তু কালাম প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতেন এবং বাজে কথা বলতেন। কালাম তাকে প্রেম নিবেদন করতেন এবং বিয়ের প্রস্তাব দিতেন। এসব বিষয় তার বাবা-মাকে জানিয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় স্কুল যাওয়ার পথে কালাম চার সহযোগীকে নিয়ে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে কালাম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।